পাটনা, ২৬ অক্টোবর: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই ভোটবাক্সে নিজেদের মতামত জানিয়ে দেবেন বিহারের জনতা। এই মুহূর্তে তুঙ্গে প্রচার চলছে পাটনায়। এনডিএ শিবির, বিরোধী জোট ইন্ডিয়া, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। সব দলই ময়দানে শেষ ল্যাপের জনসভা সারছেন। আর সেই সভা কিংবা সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আসছে। আজ, রবিবার তেমনই এক সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন আরজেডি নেতা তথা ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে পঞ্চায়েত প্রধান ও সদস্যদের ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। সঙ্গে তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা করা হবে ও পেনশনের ব্যবস্থা থাকবে। এই দাবি দীর্ঘদিনের বলে জানিয়েছেন তেজস্বী।



