ভদোদরা: প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে চাননি বাবা-মা। তবুও বিয়েতে নাছোড় ছিল কিশোরী। তাই প্রেমিককে সঙ্গে নিয়ে তিনদিনে তিনবার বাবাকে খুন করার পরিকল্পনা করে সে। তবে প্রথম দু’বার পরিকল্পনা ভেস্তে যায়। বৃহস্পতিবার আসে ‘কাঙ্ক্ষিত সাফল্য’। গুজরাতের ভদোদরার পদরা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের শানা ছাবেদার খুনের কিনারা করে এমনটাই জানিয়েছে পুলিশ। ভদোদরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর থেকে বাবাকে খুন করার চেষ্টা শুরু করে ১৭ বছরের ওই কিশোরী। সেদিন বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়েছিল সে। তবে ওষুধ কার্যকর না হওয়ায় সেদিনের মতো খুনের পরিকল্পনা ভেস্তে যায়। পরদিন আবার মাকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়াতে গেলে তিনি বুঝতে পেরে আর তা পান করেননি। অগত্যা বৃহস্পতিবার খাবারের সঙ্গে অনেক বেশি পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এরপর প্রেমিকের সহায়তায় বাবাকে খুন করে সে।



