Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রযুক্তির কামাল, তৈরি হল তামিলভূমের ২ হাজার ৫০০ বছর প্রাচীন মানুষের মুখাবয়ব

আড়াই হাজার বছর আগে কেমন দেখতে ছিলেন ভারতের মানুষ? উত্তর দিল প্রযুক্তি। থ্রিডি ফেস রিকন্সট্রাকশন প্রযুক্তি ব্যবহার করে অসাধ্য সাধন।

প্রযুক্তির কামাল, তৈরি হল তামিলভূমের ২ হাজার ৫০০ বছর প্রাচীন মানুষের মুখাবয়ব
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই:  আড়াই হাজার বছর আগে কেমন দেখতে ছিলেন ভারতের মানুষ? উত্তর দিল প্রযুক্তি। থ্রিডি ফেস রিকন্সট্রাকশন প্রযুক্তি ব্যবহার করে অসাধ্য সাধন। তৈরি হল আজ থেকে যীশু খ্রিস্টের জন্মেরও ৫০০ বছর আগেকার মাদুরাইয়ের ২ বাসিন্দার মুখাবয়ব। তামিলনাড়ুর কিলাডি প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গিয়েছিল বহু মানুষের দেহাংশ। তারই মধ্যে দুটি থেকে মুখাবয়ব তৈরি করল মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয় ও  লিভারপুলের জন মুরস বিশ্ববিদ্যালয়। এই দক্ষিণ ভারতীয় মানুষের মুখাবয়বে আদিম পশ্চিম ইউরেশিয়ান (ইরানীয়) শিকারী মানুষের পাশাপাশি আদিম অস্ট্রো-এশিয়ান মানুষের বেশ কিছু লক্ষণ পাওয়া গিয়েছে। প্রযুক্তির ব্যবহারে মুখাবয়বের এই পুনর্নির্মাণ ভারতের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisement

তামিলনাড়ুর মাদুরাই থেকে ১২ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কিলাডি। সেখানেই যীশু খ্রিস্টের জন্মেরও ৫০০ বছর আগে গড়ে উঠেছিল এক উন্নত সভ্যতা। কেলাডির প্রত্নক্ষেত্র থেকে পাওয়া পাওয়া গিয়েছে বহু মৃৎপাত্র, পুঁতি, অলঙ্কার, তামিল ব্রাহ্মী লিপির প্রাচীনতম প্রমাণ। মূল কেলাডি প্রত্নক্ষেত্র থেকে ৮০০ মিটার দূরে খোঁজ মিলেছে সমাধিক্ষেত্র। যেখানে মাটির পাত্রে একাধিক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দুটি মাথার খুলির অংশ দিয়েই এই দু’জন মানুষের মুখাবয়ব পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে।  মুরস বিশ্ববিদ্যালয়ের ফেস ল্যাবের প্রধান, প্রফেসর ক্যারোলিক উলকিনসন বলেছেন, ‘কম্পিউটারের সাহায্যে থ্রিডি ফেসিয়াল রিকন্সট্রাকশন সিস্টেম ব্যবহার করে এই মুখাবয়বদুটি নির্মাণ করা হয়েছে। দুটি খুলির অ্যানাটমির পাশাপাশি ব্যবহার করা হয়েছিল নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিও।’ তিনি আরও জানিয়েছেন, মুখাবয়বগুলির উপরের অংশ একেবারে সঠিক। কিন্তু চোয়ালের অংশ না মেলায় মুখের নীচের অংশ তৈরিতে দাঁতের আকারের ওপর নির্ভর করে করা হয়েছে। আধুনিক দক্ষিণ ভারতীয় মানুষের উদাহরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে টিস্যুর গভীরতা। সবমিলিয়ে গড়ে উঠেছে প্রাচীন এই দুই দক্ষিণ ভারতীয় মানুষের মুখাবয়ব। কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি কুমারসান বলেছেন, ‘এটা ৮০ শতাংশ বিজ্ঞান, ২০ শতাংশ শিল্পকলা’। পাশাপাশি কেলাডির এই প্রত্নক্ষেত্র থেকে পাওয়া দেহাংশের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, এখানকার পুরুষরা গড়ে ৫ ফুট ৭ ইঞ্চি পর্যন্ত লম্বা হতেন। নারীদের গড় উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি। 

সম্পর্কিত সংবাদ