


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেতার সম্ভাবনা নেই। তবুও নতুন উপ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে বিরোধীরা। মোদি বিরোধী ইন্ডিয়া জোট সূত্রে এমনটাই জানা গিয়েছে। জগদীপ ধনকার ইস্তফা দেওয়ার পর উপ রাষ্ট্রপতির পদ খালি। তার জন্য সাংবিধানিক সঙ্কট অবশ্য কিছু নেই। পদাধিকারবলে উপ রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। সেক্ষেত্রে জগদীপ ধনকারের পরিবর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভার কাজ চালাবেন। নতুন যিনি উপ রাষ্ট্রপতি হবেন, তাঁর মেয়াদ হবে পুরো পাঁচ বছরই। তবে এই নির্বাচন কবে করাতে হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা নেই। শুধু বলা আছে ভোট করাতে হবে যত দ্রুত সম্ভব।
বিজেপি সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার বলেন, ‘কমিশন যেদিন ভোট ঘোষণা করবে, সেদিন আমাদের প্রার্থীও ঠিক হয়ে যাবে। তবে আমি প্রার্থী নই। দলের হয়েই কাজ করতে চাই।’ লোকসভা-রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএ’র শক্তি ৪২৬। বিরোধী ইন্ডিয়া জোটের ৩১২। এছাড়া উভয় জোটের বাইরে রয়েছেন ৪৪ জন সাংসদ। উল্লেখ্য, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শুধু সাংসদরা। সেই হিসেবে বিরোধীদের জেতার কোনও সুযোগ নেই। তবে বিনা যুদ্ধে জায়গা ছাড়তে নারাজ ইন্ডিয়া। গতবার ধনকারের সময় তৃণমূল ভোটদানে বিরত ছিল। এদিন তৃণমূলের এক নেতা বলেন, ‘আমরা চাই, কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে প্রার্থী ঠিক করুক। গতবার আলোচনার ছাড়াই মার্গারেট আলভাকে দাঁড় করানো হয়েছিল বলেই ভোট দিইনি।’