Bartaman Logo
১১ জুন, ২০২৬

শিক্ষিকার গায়ে আগুন, ধৃত ছাত্র, একতরফা প্রেমের প্রস্তাব খারিজ করায় আক্রোশ

মধ্যপ্রদেশে প্রতিশোধ নিতে স্কুল শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল ১৮ বছরের পড়ুয়া। ২৬ বছরের ওই শিক্ষিকা অভিযুক্ত ছাত্রের আচরণের বিরুদ্ধে নালিশ করেছিলেন।

শিক্ষিকার গায়ে আগুন, ধৃত ছাত্র, একতরফা প্রেমের প্রস্তাব খারিজ করায় আক্রোশ
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মধ্যপ্রদেশে প্রতিশোধ নিতে স্কুল শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল ১৮ বছরের পড়ুয়া। ২৬ বছরের ওই শিক্ষিকা অভিযুক্ত ছাত্রের আচরণের বিরুদ্ধে নালিশ করেছিলেন। পুলিস জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই হামলার এই ঘটনা। অভিযুক্ত ছাত্রের নাম সূর্যাংশ কোচার। সে নরসিংহপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত উৎকৃষ্ট বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। একতরফাভাবে ওই শিক্ষিকার প্রেমে পড়েছিল সে। দু’বছর আগে সেই স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পর ছাত্রটি অন্য স্কুলে ভর্তি হয়েছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। হামলার শিকার হওয়া শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

মধ্যপ্রদেশের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছাত্র পেট্রলের বোতল নিয়ে পূর্বতন স্কুলের ওই গেস্ট টিচারের বাড়িতে ঢুকে পড়ে। শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হামলার শিকার ওই শিক্ষিকার শরীরের ১০-১৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎকেরা জানিয়েছেন, জীবনের ঝুঁকি না থাকলেও শিক্ষিকার ক্ষত গুরুতর।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত ছাত্র ও ওই শিক্ষিকা পরস্পরকে চিনতেন। স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার আগেই শিক্ষিকাকে একতরফাভাবে ভালোবেসে ফেলেছিল ছাত্রটি। এসডিপিও মনোজ গুপ্তা জানিয়েছেন, এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শাড়ি পরে এসেছিলেন ওই শিক্ষিকা। তা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল অভিযুক্ত। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নালিশ করেছিলেন শিক্ষিকা। একতরফা ভালোবাসা ও ব্যক্তিগত আক্রোশের কারণে হামলার এই ঘটনা। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসাধীন শিক্ষিকার বয়ান রেকর্ড করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোতোয়ালি থানার পুলিস ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে কল্যাণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সে পুলিস হেফাজতে রয়েছে। তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ