Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে চা শ্রমিকদের কর্মবিরতি চতুর্থ দিনে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি বিধায়ক জয়প্রকাশ টোপ্পোর

বকেয়া মজুরি ও পুজো বোনাসের দাবিতে মাদারিহাটের ছ’টি চা বাগানের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি বৃহস্পতিবার চার দিনে পড়ল।

মাদারিহাটে চা শ্রমিকদের কর্মবিরতি চতুর্থ দিনে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি বিধায়ক জয়প্রকাশ টোপ্পোর
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বকেয়া মজুরি ও পুজো বোনাসের দাবিতে মাদারিহাটের ছ’টি চা বাগানের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি বৃহস্পতিবার চার দিনে পড়ল। ওই ছ’টি বাগান মেরিকো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের। শ্রমিকদের এই আন্দোলন আসন্ন বিধানসভা ভোটে দলের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই আঁচ পেয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আর তা থেকেই এলাকার দলীয় বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বুধবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। পাশাপাশি শ্রমমন্ত্রী মলয় ঘটককেও বিষয়টি জানিয়েছেন। 

Advertisement

বিধায়ক জয়প্রকাশ টোপ্পো বলেন, আমার এলাকায় মেরিকোর ছ’টি বাগানের শ্রমিকরা বকেয়া মজুরি ও পুজো বোনাসের টাকা পাচ্ছেন না। তাই শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন। তাঁদের সমস্যার কথা ই-মেল করে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। শ্রমিকদের চরম দুর্দশার কথা শ্রমমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছি। 
বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। তার আগে বকেয়া নিয়ে মেরিকোর বাগানগুলির শ্রমিকদের এই কর্মবিরতিতে যথেষ্ট উদ্বিগ্ন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা। সূত্রের খবর, সেই উদ্বেগ থেকেই দলীয় বিধায়ক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যাতে রাজ্যস্তরে মেরিকোর সঙ্গে কথা বলে ছ’টি বাগানের শ্রমিকদের দ্রুত বকেয়া সমস্যা মেটানো যায়। 
তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, মেরিকোর ছ’টি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন বকেয়া পাচ্ছেন না। তাঁদের দ্রুত বকেয়া সমস্যা না মিটলে বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে দলের পক্ষে এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। তাই ওই শ্রমিকদের বকেয়া সমস্যা কাটাতে রাজ্যস্তরে উদ্যোগ নেওয়া দরকার। সেই কারণে এমএলএ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। শ্রমমন্ত্রীকেও জানিয়েছেন। 
শ্রমিকরা সোমবার থেকে বাগানে কর্মবিরতির ডাক দিয়ে ধর্নায় বসেছেন। অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চলবে বলে তাঁরা হুমকি দিয়েছেন। মেরিকোর ওই ছ’টি বাগানে শ্রমিক প্রায় সাত হাজার। তাঁদের অভিযোগ, পাঁচ মাস ধরে বকেয়া মজুরি মিলছে না। ২০ শতাংশ পুজো বোনাসের মধ্যে ১০ শতাংশ এখনও মেলেনি। এভাবে দিনের পর দিন মজুরি না মিললে তাঁদের পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই কর্মবিরতির পথে যেতে হয়েছে। 
যদিও মেরিকোর ডিরেক্টর সুরজিৎ বক্সি বলেন, পাঁচ মাস নয়। শ্রমিকদের আড়াই মাসের মজুরি বকেয়া আছে। দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা চলছে। আলিপুরদুয়ারের ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাস বলেন, বিষয়টি রাজ্যে জানানো হয়েছে। এই সমস্যা মেটাতে রাজ্যস্তরে মেরিকোর সঙ্গে কথা চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ