Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তবলা শিক্ষক হত্যায় অভিযুক্তকে হাওড়ায় নিয়ে এলো রেল পুলিস

তবলা শিক্ষক হত্যায় অভিযুক্তকে হাওড়ায় নিয়ে এলো রেল পুলিস
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাটিহার এক্সপ্রেসে তবলা শিক্ষককে খুনের ঘটনায় গুজরাত পুলিসের হাতে ধৃত রাহুল জাঠ ওরফে ভোলুকে হাওড়ায় নিয়ে এল রেল পুলিস। তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের পর সে আরও কত জায়গায় গিয়েছে, অর্থাৎ তার রুট ম্যাপ কী ছিল? অভিযুক্তের কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। পাশাপাশি গত ছ’মাসে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে রেল লাইনে যত দেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে কেউ রাহুলের শিকার কি না, তা নিয়েও স্পষ্ট হতে চাইছেন তাঁরা। বৃহস্পতিবার হাওড়া আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করে হেফাজতে নেবে রেল পুলিস। 
Advertisement
গুজরাতে কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় রাহুল ধরা পড়ার পর জানা যায়, সে মোট আটটি খুন করেছে! সেগুলির মধ্যে ছ’টির প্রমাণ মিলেছে। তার মধ্যে তবলা শিক্ষক অন্যতম। বাকি দুটি খুন সে কোথায় করেছে, তার তথ্য-প্রমাণ সংগ্রহে তৎপর তদন্তকারীরা। গুজরাত পুলিসের জেরায় অভিযুক্ত রাহুল জানিয়েছে, বিভিন্ন জায়গায় ট্রেনে সফর করার সময় বেশ কয়েকজনের সঙ্গে তার বচসা হয়। তারপরই ওই ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুন করেছে সে! মে মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর সে কয়েকশো ট্রেনে উঠেছে বলে রাহুলের দাবি। সে বিশেষভাবে সক্ষম। এই কারণে ট্রেনে তার টিকিট লাগত না, অতএব তার রেলভ্রমণের কোনও টিকিটও নেই। তাই দেহগুলি সে কোন কোন জায়গায় ফেলেছে, মনে করতে পারছে না সে। এরপরই গুজরাত পুলিসের আধিকারিকরা জুন থেকে নভেম্বর পর্যন্ত সমস্ত রাজ্যের জিআরপি এলাকায় অস্বাভাবিক মৃত্যুর কতগুলি কেস রুজু হয়েছে, তার তথ্য জোগাড়ের চেষ্টায় আছেন। সেগুলির ভিত্তিতে রাহুলের মোবাইলের টাওয়ার লোকেশন মিলিয়ে দেখা হবে। তদন্তকারীরা মোবাইলের সূত্র ধরে জানার চেষ্টা করবেন অভিযুক্তের রুটে কোনও দেহ রেল লাইনে মিলেছিল কি না। 
সম্পর্কিত সংবাদ