ঢাকা: ভোটপর্ব শেষ। রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর সেই সঙ্গেই ভাঙতে চলেছে চেনা প্রথা। বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। আজ, মঙ্গলবার বিকাল চারটেয় সেখানে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তারেক। সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও। সংসদ সচিবালয় সূত্রে খবর, শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। ২০০১ সালে বিএনপির মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের। সূত্রের খবর, এবার নতুন মন্ত্রিসভা হতে পারে ৩৭ জনের। এর মধ্যে ২৬-২৭ জন পূর্ণ মন্ত্রী এবং ৯-১০ জন প্রতিমন্ত্রী। মন্ত্রী হিসাবে যাঁদের নাম প্রাথমিকভাবে আলোচনায় রয়েছে, তাঁরা হলেন ফজলুর রহমান, শহিদউদ্দিন চৌধুরী অ্যানি, আন্দালিব রহমান পার্থ, মাহদি আমিন, সাঈদ আল নোমান এবং ইশরাক হোসেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ঢাকার বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে ৩৬টি বাংলো ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিকেলে দক্ষিণ প্লাজায় হবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ। অন্তত ১৩টি দেশকে সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য যাচ্ছেন না। প্রতিনিধি হিসাবে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার সহ প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন খাতে বইবে, তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ‘একটি বিষয়ে’ আটকে থাকবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টিও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না। ফখরুলের কথায়, ‘আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাঁকে শাস্তি দেওয়ার জনদাবি রয়েছে। আমরা মনে করি, ভারতের উচিত তাঁকে আমাদের কাছে হস্তান্তর করা। কিন্তু তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়তে চাই।’
সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ভোটে লড়েছিলেন বিএনপির চেয়ারম্যান। দু’টি আসনেই জয়লাভ করেন তিনি। বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার জন্য তারেক চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। এদিন বিএনপির গুলশানে কার্যালয়ে তারেকের সঙ্গে দেখা করেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর গত দেড় বছর ধরে বাংলাদেশের দায়িত্বভার ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাঁধে। সেই পর্ব শেষের মুখে। সোমবার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেন ইউনুস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও দেখা করেন ইউনুস। পরে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে ইউনুস বলেন, বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি গত ১৮ মাসে সেই দায়িত্ব পালনের চেষ্টা করে গিয়েছেন।