নয়াদিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত জাতীয় শিক্ষা নীতি (এনইপি) কার্যকর করেনি তামিলনাড়ু। তাই রাজ্যের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বরাদ্দ সমগ্র শিক্ষা স্কিমের (এসএসএস) ২ হাজার ১৫১ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার প্রাপ্য অর্থ আদায়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকার। রাজ্য সরকারের দাবি, জাতীয় শিক্ষানীতির অধীনে তিন ভাষানীতি চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে দ্বিভাষা নীতি চালু রয়েছে। তাই কেন্দ্রের এই নীতি মানেনি তামিলনাড়ু। পাশাপাশি পিএম শ্রী প্রকল্প চালুর জন্য মউ স্বাক্ষর করেনি রাজ্য। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে টাকা আটকে রাখা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে ৬ শতাংশ সুদ সহ মোট ২ হাজার ২৯১ কোটি ৩০ লক্ষ টাকা কেন্দ্রের কাছে দাবি করা হয়েছে।



