চেন্নাই: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। উপকূলীয় বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। তোন্ডি, পাম্বান, মীনাম্বকম, করাইকাল, নাগাপট্টিনাম, মাদুরাই, তিরুচিরাপল্লি, সালেম সহ বহু জেলারই বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অবশ্য এই অবস্থাতেই আবহাওয়া দপ্তরের তরফে আশঙ্কার কথা শোনানো হয়েছে। তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সহ বঙ্গোপসাগর উপকূলে আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব আরব সাগরেও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সেটি লাক্ষাদ্বীপের ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম এবং গোয়ার পানজিমের ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ভারতীয় আবহাওয়া বিভাগের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপের জেরে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হবে। কাজেই আরও দু’দিন তামিলনাড়ু সহ দেশের দক্ষিণ প্রান্তের রাজ্যগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে।



