Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শুল্ক ধাক্কার পর ভারত-মার্কিন প্রথম বৈঠকে কথা ইতিবাচকই

শুল্ক নিয়ে জটিলতার মধ্যেই ফের আলোচনার পথে ফিরল ভারত ও আমেরিকা। ভারতীয় পণ্যে সবমিলিয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুল্ক ধাক্কার পর ভারত-মার্কিন প্রথম বৈঠকে কথা ইতিবাচকই
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুল্ক নিয়ে জটিলতার মধ্যেই ফের আলোচনার পথে ফিরল ভারত ও আমেরিকা। ভারতীয় পণ্যে সবমিলিয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে থমকে ছিল বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা। মঙ্গলবার দিল্লিতে ফের তা শুরু হল। আর এদিনের আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে ওয়াশিংটন। ভারতের বাণিজ্য মন্ত্রকও একই অভিমত প্রকাশ করেছে। তারা বলেছে, আলোচনা আশানুরূপ হয়েছে। দুই দেশই বাণিজ্য চুক্তির লক্ষ্যে প্রচেষ্টা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবারই ভারতে এসে পৌঁছন মার্কিন প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও তাঁর দল। মঙ্গলবার দু’পক্ষের বৈঠক হয়েছে। এদিন প্রায় সাত ঘণ্টা আলোচনা চলে বলে খবর। ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু হতেই এদিন চাঙ্গা হয়েছে শেয়ার সূচক।

Advertisement

মার্কিন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন,মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি লিঞ্চ এদিন দিল্লিতে বৈঠক করেন। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বিশেষ প্রতিনিধি রাজেশ আগরওয়ালের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে এদিন কথা হয়েছে। এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে পঞ্চম দফা আলোচনা হয়েছিল। এরপর দিল্লিতে পরবর্তী পর্বের আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের একতরফা শুল্ক ঘোষণার পর ওই বৈঠক আর হয়নি। সম্প্রতি ভারত সম্পর্কে সুর নরম করেন ট্রাম্প। ইতিবাচক বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এর থেকেই দু’দেশের আলোচনা শুরুর ইঙ্গিত মিলেছিল। সেই সূত্রেই মার্কিন প্রতিনিধি ভারতে আসেন। যদিও এদিনের বৈঠককে থমকে থাকা ষষ্ঠ দফার আলোচনা বলে মনে করছে না দিল্লি। এই বৈঠককে পরবর্তী দফার প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। আলোচনাকে সদর্থক বললেও পরবর্তী দফার বৈঠক কবে হবে, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি মন্ত্রক।

Advertisement
সম্পর্কিত সংবাদ