নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘গড়িমসি করে সময় নষ্ট করা চলবে না। জঙ্গি দমনে পাকিস্তানের বিরুদ্ধে এখনই কড়া অ্যাকশন নিন নরেন্দ্র মোদি।’ পহেলগাঁয়ের পরিস্থিতিতে বুধবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী। সরকারের উপর বাড়ালেন চাপও। বিরোধী দলনেতা বলেন, পহেলগাঁওয়ে যা হয়েছে, তা মোটেই মেনে নেওয়া যায় না। যারা এটা করেছে, তাদের কড়া প্রত্যাঘাত করতেই হবে। বুঝিয়ে দিতে হবে যে, ভারতের বিরুদ্ধে ভবিষ্যতে আর এরকম কিছু করা যাবে না। সে যেই হোক, যেখানকারই হোক। তাদের যোগ্য জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রীর কাছে গোটা দেশ চাইছে অ্যাকশন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় ঘোড়াওয়ালার বেঘোরে প্রাণ গিয়েছে। এই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানই জড়িত। কিন্তু তা জেনেও আটদিন কেটে গেলেও সরকার পাল্টা কোনও প্রত্যাঘাত করতে পারেনি। এমনকী প্রধানমন্ত্রী নিজে সরাসরি বিরোধী দলের সঙ্গে কথা বলে আলোচনাও করেননি। যা নিয়ে বিরোধী দল হিসেবে কংগ্রেস যেমন ক্ষুব্ধ, একইভাবে এখনও পাকিস্তানকে পাল্টা পেড়ে ফেলতে না পারায় ফুঁসছে গোটা দেশ। প্রশ্ন একটাই, কেন এখনও প্রত্যাঘাত করছেন না মোদি?
বৃহস্পতিবার এআইসিসিতে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে তাই রাহুল বলেন, যেভাবে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে, তা ক্ষমাহীন। তাই নিহতের শহিদের মর্যাদা দেওয়ারও দাবি করেছেন তিনি। বলেন, বিনা প্ররোচনায় যেভাবে নিরীহদের ওপর জঙ্গি হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। তাই যারাই এটা করুক, উচিত শিক্ষা দিতেই হবে। প্রধানমন্ত্রী পাল্টা যোগ্য জবাব দিন। আমরা বিরোধীরা পূর্ণ সমর্থন দেব। রাহুল বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা ‘অ্যাকশন’ চাই। কোনও গড়িমসি বা দ্বিধা নয়। কড়া বার্তা দেওয়া হোক। এখনই ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী।