নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খেলার মাঠ থেকে বিদায় নিলেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণ। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেন বাংলার ‘সোনার মেয়ে’। অ্যাথলেটিকসের ট্র্যাক থেকে রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন অর্জুন সম্মানপ্রাপ্ত স্বপ্না। তার জন্য চাকরি ছেড়েছিলেন রেলের। নির্বাচনে পরাজয়ের পর নিজেকে আরও গুটিয়ে নেন জলপাইগুড়ির ২৯ বছরের স্বপ্না। এবার সরে দাঁড়ালেন প্রিয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে।
প্রিয় ছাত্রীর অবসর প্রসঙ্গে প্রাক্তন কোচ সুভাষ সরকারের মন্তব্য, এটা সম্পূর্ণ স্বপ্নার ব্যক্তিগত বিষয়। সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, ‘স্বপ্না এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন। তাঁর জন্য আমরা গর্বিত।’ সূত্রের খবর, এবার কোচ হিসাবে যাত্রা শুরু করতে চান স্বপ্না। ইতিমধ্যে কোচিংয়ের লেভেল-টু সার্টিফিকেটও পেয়েছেন। নতুন ভূমিকায় প্রতিষ্ঠা পেতে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চান তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বপ্না লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অ্যাথলেটিকস থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করছি। এটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে একটি। অ্যাথলেটিকস আমার কাছে নিছক খেলা ছিল না, এটা ছিল আমার পরিচয়, আবেগ, স্বপ্ন। অনেক ত্যাগ, সংগ্রাম, চোখের জল এবং অবিস্মরণীয় স্মৃতির মধ্যে দিয়ে পথচলা শেষ হল। কারণ, শরীর আর আগের মতো সাথ দিচ্ছে না।’ তিনি আরও যোগ করেন, ‘অ্যাথলিট হিসাবে আরও অনেক কিছু অর্জনের স্বপ্ন দেখেছিলাম। তার সবটা হয়তো পূরণ হয়নি। তবে যা পেয়েছি, তাতেই আমি খুশি।’ উল্লেখ্য, ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয় স্বপ্নার জীবনের সেরা সাফল্য। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একটি সোনা এবং দু’টি রুপো রয়েছে তাঁর।