আরও ৪৫ হাজার নিয়োগ, ঘোষণা শুভেন্দুর
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে এল সুখবর! বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকে ৪৫ হাজার ১৮৫টি সরকারি শূন্যপদ পূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকালে মন্ত্রিসভার বৈঠকের পর নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১৮৮৬ অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, এসআই, লেডি কনস্টেবল মিলিয়ে ৯৪৬টি পদে নিয়োগ হবে। এছাড়া পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরে ৭১১৯, স্কুলশিক্ষা দপ্তরে ৩৩,১৯৯টি পদে নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এদিনের ক্যাবিনেট এসব পদে নিয়োগে অনুমোদন দিয়েছে। দ্রুত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’ 

Advertisement

এদিন বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে যে ২১টি চা বাগান বন্ধ রয়েছে, সেখানকার ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে পরিবার পিছু ৩৫ কেজি চাল ছাড়াও অতিরিক্ত ৫০ কেজি চাল ও এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত তাঁরা এই সুবিধা পাবেন। তিনি বলেন, ‘যেসব কর্মীর বয়স ৬০ বছরের কম, কিন্তু বাগান বন্ধ হয়ে যাওয়ার জন্য কাজ হারিয়েছেন, তাঁদের জন্য মানবিক সরকারের পক্ষ থেকে পুজোর সময় এই  পদক্ষেপ করা হল।’  
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে গুজরাত থেকে শুরু করে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে অসংখ্য পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে প্রস্তাব পাশ হয়। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল ইংরাজি এবং বাংলায় এই প্রস্তাব প্রধামন্ত্রীর দপ্তরে পাঠাবেন বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও জানান, এ বছর ৫৭ হাজার ৪০০টি দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছিল। তার পরেও আরও ৮০০টি পুজোর অনুমতি চেয়ে আবেদন আসে। এই পুজোগুলিরও অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের ১ লক্ষ টাকা করে অনুদানও দেওয়া হবে। 
তবে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে অনড় মনোভাব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আইন সবাইকেই মানতে হবে বলে বার্তা দেন তিনি।