মুম্বই: এশিয়া কাপের আগে রীতিমতো স্বস্তিতে টিম ইন্ডিয়া। অধিকাংশ ক্রিকেটারই ফিটনেস টেস্টে পাশ করেছেন। চোট সারিয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। বেশ শক্তিশালী দল নিয়েই এবার এশিয়া কাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ভারতীয় টিম ম্যানেজমেন্টও বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রতিযোগিতাকে। তাই যশপ্রীত বুমরাহর মতো তারকা পেসারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে।
আইপিএলের সময় চোট পেয়েছিলেন সূর্যকুমার। জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়। প্রায় ছ’সপ্তাহ রিহ্যাবের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। প্রথম দিকে এশিয়া কাপে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত নিজেকে ম্যাচ কন্ডিশনে আনতে পেরেছেন মুম্বইকর। অনেকদিন ম্যাচ না খেলা সূর্য এখন নেট সেশনের উপর বেশি জোর দিচ্ছেন। মঙ্গলবার সমাজমাধ্যমে সূর্যর প্র্যাকটিসের বেশ কিছু ছবি পোস্ট হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, পছন্দের শট খেলছেন ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন। উচ্ছ্বাসের ছবিও ধরা পড়েছে। দু’টো ব্যাট উঁচিয়ে তিনি পোজ দিয়েছেন।
এশিয়া কাপ স্কোয়াডে শুভমান গিলের কামব্যাক অনেক সমীকরণ বদলে দিয়েছে। সঞ্জু স্যামসন আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, মিডল অর্ডারে ফিনিশার হিসেবে জিতেশ শর্মাকে চাইছে দল। তাই সঞ্জুকে হয়তো বেঞ্চে বসতে হতে পারে। কিন্তু কেরল প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু। তাঁর ঝোড়ো ব্যাটিং প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে। তাই সঞ্জুকে বাদ দেওয়া সহজ হবে না।
এদিকে, ভারতীয় ক্রিকেটাররা ৪ সেপ্টেম্বর আলাদা আলাদা ভাবে দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। শুক্রবার প্রথম প্র্যাকটিসে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ভারত নামবে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তারপর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।