Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন সূর্যরা

পরনে ধুতি ও উত্তরীয়। কপালে তিলক। শুক্রবার সকালে তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন সূর্যরা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: পরনে ধুতি ও উত্তরীয়। কপালে তিলক। শুক্রবার সকালে তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। সেই তালিকায় ছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন উজ্জয়িনীর মহাকাল মন্দিরেও পুজো দিয়েছেন সূর্যরা। সামনেই টি-২০ বিশ্বকাপ। খেতাব ধরে রাখার প্রার্থনায় ঈশ্বরের শরণাপন্ন ক্রিকেটাররা।

Advertisement

কিউয়িদের বিরুদ্ধে শনিবারের ম্যাচ অবশ্য নিছকই নিয়মরক্ষার। তবে কুড়ি ওভারের কাপযুদ্ধের আগে এটাই ভারতের শেষ মহড়া। সেজন্যই ক্রিকেটমহলের নজর রয়েছে ফর্মে না থাকা সঞ্জু স্যামসনের দিকে। টিম ইন্ডিয়ার সহকারী কোচ সীতাংশু কোটাক অবশ্য তাঁর উপর আস্থা রাখার কথা শুনিয়েছেন। বলেছেন, ‘ক্রিকেট কেরিয়ারে এমন সময় আসে। তবে এমন পরিস্থিতিতে মানসিকভাবে শক্তিশালী থাকা জরুরি। আমরা সকলেই জানি, ও কী করতে পারে।’ নেটে প্রায় ৩০ মিনিট ব্যাট করতে দেখা গেল সঞ্জুকে। ঘরের মাঠে এই প্রথমবার দেশের হয়ে নামবেন, রানে ফিরতে মরিয়া কেরালাইট ব্যাটার।

শনিবার চোট সারিয়ে প্রথম এগারোয় আসতে পারেন ঈশান কিষান। তেমনই আভাস দিয়েছেন কোটাক। তাঁর কথায়, ‘সুযোগ সবসময়ই কাজে লাগিয়েছে ঈশান। এই সিরিজে দুটো ইনিংসে পাওয়ার প্লে’র দারুণ সদ্ব্যবহার করেছে। আমি যতটা জানি, তাতে শনিবার ঈশান খেলছে।’ কিন্তু সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল ফিরবেন কিনা তা স্পষ্ট নয়। তিলক ভার্মা এবং ওয়াশিংটন সুন্দর অবশ্য ফিট হয়ে উঠেছেন। এই সিরিজে না খেললেও দু’জনকেই পাওয়া যাবে কাপযুদ্ধে। অধিনায়ক সূর্যর ছন্দে ফেরা ভরসা দিচ্ছে শিবিরকে। কোটাকের মতে, ‘এই ফরম্যাটে সূর্যই ছিল বিশ্বের সেরা। ও যে রান পাবে জানতাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ