সংবাদদাতা, জঙ্গিপুর: পাচার রুখতে এবার জঙ্গিপুর পুলিশ জেলায় গঙ্গা ও তীরবর্তী চর এলাকায় বিশেষ নজরদারি শুরু হল। শুক্রবার সকালে নদীপথে চোরাচালান ও অন্য অপরাধমূলক কাজ বন্ধে নৌকা নিয়ে দীর্ঘক্ষণ অভিযান চালায় পুলিশ। বিভিন্ন দুর্গম চর এলাকায় আকাশপথে ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হয়। মূলত অনুপ্রবেশ ও সীমান্তে চোরাচালান বন্ধেই পুলিশ এই অভিযানে নেমেছে। আগামী দিনেও এমন অভিযান চলবে। পুলিশ জানিয়েছে, গত কয়েকমাস ধরে জেলার ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি, রঘুনাথগঞ্জ ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় পাচারের ঘটনা সামনে এসেছে। জলপথে পাচারের ছক ভেস্তে দিয়ে প্রচুর গোরু-মোষ, নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। ইতিমধ্যে অনেক কুখ্যাত পাচারকারীকে গারদে পুরেছে পুলিশ। তবে চোরাচালানকারীদের নিত্যনতুন কৌশল ঠেকাতে ও জলপথকে সম্পূর্ণ নিরাপদ রাখতে প্রশাসন আরও একধাপ এগিয়ে কঠোর পদক্ষেপ করল। সম্প্রতি জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে গঙ্গার বুকে এই বিশেষ অভিযান চালানো হয়। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। ফরাক্কা থানার আইসি অমিত মুখোপাধ্যায়, এনটিপিসি ফাঁড়ির ওসি সহ অন্য পুলিশ আধিকারিকরা অভিযানে অংশ নেন। গঙ্গার বিভিন্ন দুর্গম অংশে একাধিক স্পিডবোট ও লঞ্চ নিয়ে তল্লাশি চালানো হয়। যে সমস্ত চর এলাকায় পুলিশের গাড়ি পৌঁছানো কঠিন, সেখানে ড্রোন উড়িয়ে নজরদারি চলে। সেখানে পাচারকারীদের কোনো ডেরা রয়েছে কিনা-তা ড্রোনের ক্যামেরার লাইভ ফিড মনিটর করে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।



