নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কামারহাটি, বেলঘরিয়া এলাকার কুখ্যাত বলে পরিচিত জয়ন্ত সিংয়ের মামলায় জামিন আটকাতে রাজ্য সরকার কেন গড়িমসি করেছে—মঙ্গলবার রাজ্য সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে এ ব্যাপারে সক্রিয় হওয়ারই পরামর্শ দিল বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ। বিচারপতির মন্তব্য, এক ডজনের বেশি অপরাধমূলক মামলা থাকা গ্যাংস্টার জয়ন্ত সিং মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ গোড়ায় তাঁর জামিনের বিরোধিতাই করেনি রাজ্য! কেন বিলম্ব? সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার জানিয়েছে, বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী। তবে এ ধরনের অপরাধীদের ব্যাপারে এখন কড়া অবস্থানই নেওয়া হবে।



