Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়াংখেড়েতে সূর্যোদয়, প্লে-অফে নিশ্চিত মুম্বই

বুধবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়েতে সূর্যোদয়, প্লে-অফে নিশ্চিত মুম্বই
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: চূড়ান্ত হল প্লে-অফের চারটি দল। বুধবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রান তোলেন হার্দিকরা। জবাবে ১৮.২ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। তাঁর ৪৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস মূলত জয়ের ভীত গড়ে দেয়। এরপর বল হাতে মুম্বইয়ের হয়ে বুমরাহ ও সান্টনার তিনটি করে উইকেট নেন। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করল মুম্বই। আর হেরে পঞ্চম স্থানেই রইল দিল্লি (১৩ ম্যাচে ১৩ পয়েন্ট)।

Advertisement

জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। অন্যদিকে, হারলেই বিদায়ের খাঁড়া ঝুলছিল দিল্লি ক্যাপিটালসের মাথায়। এই আবহেই বুধবার সন্ধ্যার ওয়াংখেড়েতে ঘটল সূর্যোদয়। দিন কয়েক আগেই ওয়াংখেড়ের একটা স্ট্যান্ড লেখা হয়েছে রোহিত শর্মার নাম। তারপর এদিনই প্রথম আরব সাগরের পাড়ের এই মাঠে খেলতে নেমেছিলেন হিটম্যান। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরও এটাই তাঁর প্রথমবার ব্যাট হাতে ক্রিজে আসা। সেই উপলক্ষ্যে গ্যালারিতে আবেগের কমতি ছিল না। অনেকেই ‘রোহিত ৪৫’ লেখা সাদা জার্সি পরে এসেছিলেন। তবে তিনি রান না পাওয়ায় সেই আবেগটা জমল না। ৫ বলে ৫ রানে ফিরলেন রোহিত। পাওয়ার প্লে’র মধ্যে উইল জ্যাকসের (২১) উইকেটও হারায় মুম্বই। ওপেনার রায়ান রিকলটন (২৫) ফেরেন পরের ওভারেই। ৫৮ রানে তিন উইকেট হারানোর পর ইনিংস মেরামতে নামেন সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে তিলক ভার্মার (২৭) সঙ্গে যোগ করেন ৫৫ রান। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও (৬) ব্যর্থ।
১৬.৩ ওভারে মুম্বইয়ের স্কোর তখন ১২৩। মনে হচ্ছিল বড়জোর ১৬০ রানে পৌঁছবে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষ দুই ওভারে দিশাহারা দেখাল মুকেশ কুমার, চামিরাদের। ১৯তম ওভারে মুকেশ দিলেন ২৭। তার মধ্যে ২০ রানই নেন নমন ধীর। আট বলে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে সূর্য ও নমন ২১ বলে যোগ করেন ৫৭ রান। তারমধ্যে শেষ ওভারে আসে ২১। দুটো ছক্কা ও দুটো চার মারেন সূর্য। তাৎপর্যের হল, ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটারের শেষ ৪০ রান আসে ১৭ বলে, ২৩৫.২৯ স্ট্রাইক রেটে। উল্লেখ্য, দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল এই ম্যাচে খেলছেন না। ফ্লু হয়েছে তাঁর। নেতৃত্বের দায়িত্ব পালন করেন ফাফ ডু’প্লেসি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় দিল্লি। দুই ওপেনার ফাফ ডু’প্লেসি (৬) ও লোকেশ রাহুল (১১) আউট হন তিন ওভারের মধ্যেই। অভিষেক পোড়েলও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ উইকেটে বিপরাজ নিগমকে (২০) সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান সমীর রিজভি। ব্যর্থ ক্রিস্টান স্টাবস (২)। আশুতোষ শর্মাও (১৮) ভরসা জোগাতে ব্যর্থ। রিজভি ৩৫ বলে ৩৯ রানের মাথায় ফিরতেই তাসের ঘরের মতো গুটিয়ে যায় দিল্লি ইনিংস।

Advertisement
সম্পর্কিত সংবাদ