নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে প্রায় সর্বত্রই ছুটি থাকে। তার উপর যদি এই দিনটি শুক্রবার বা সোমবার হয়, তাহলে তো আর কথাই নেই! ভ্রমণপিপাসু বাঙালি দিন কয়েকের জন্য বেরিয়ে পড়েন ইতিউতি। এবার ১৫ আগস্ট, শুক্রবার। ফলে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বুকিং শেষ। শেষবেলায় নতুন করে বুকিংয়ের জন্য কেউই আর জায়গা পাচ্ছেন না কোথাও। ব্যতিক্রম নয় সুন্দরবন। নদীবক্ষে নৌকায় চেপে জঙ্গল ভ্রমণের মজাই আলাদা। সুন্দরবন বেড়ানোর স্বাদ পেতে পর্যটকরা ইতিমধ্যেই সব বোট বুকিং করে ফেলেছেন। নতুন করে আর বোটের বুকিং নিতে পারছেন না মালিকরা। অনেকে ফোন করে জানতে চাইলে তাঁদের স্পষ্টই জানিয়ে দেওয়া হচ্ছে, ১৫ আগস্ট বোটগুলিতে ঠাঁই নাই অবস্থা। এরপরও যদি কেউ সুন্দরবনে আসতে চান, তাহলে তাঁরা বোটে ভ্রমণের সুযোগ পাবেন না।
টাইগার রিজার্ভের নিয়ম অনুযায়ী, পর্যটকদের নিয়ে দিনে ১২০টি বোট সুন্দরবনের নদীতে ভ্রমণ করতে পারবে। এই নিয়মের গেরোয় পড়ে বহু পর্যটকের এখন দিশাহারা অবস্থা। যাঁরা ভেবেছিলেন, একদিনের জন্য সুন্দরবনে এসে কয়েক ঘণ্টা কাটিয়ে যাবেন, তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রসুল সর্দার বলেন, যেহেতু ১২০টি বোটের বুকিং শেষ, তাই স্বাধীনতা দিবসের ছুটিতে যাঁরা আসবেন, তাঁরা নদীবক্ষে ভ্রমণ করতে পারবেন না। সুন্দরবন টাইগার রিজার্ভ বোটের সংখ্যা না বাড়ালে অনেক পর্যটককেই ফিরে যেতে হবে। এদিকে, হোটেল ব্যবসায়ীরাও ফাঁপরে পড়েছেন। সপ্তাহান্তে টানা তিনদিন ছুটি থাকায় হোটেলের মালিকরা পর্যটকদের জানিয়ে দিচ্ছেন, কোনওমতে ঘর দিতে পারলেও বোটের ব্যবস্থা করতে পারব না। স্বাধীনতা দিবসে এবার বকখালিতেও ভালো বুকিং হয়েছে বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। বেশিরভাগ পর্যটকই দুই রাত, তিনদিনের প্যাকেজ নিয়েছেন বলে জানা গিয়েছে।