


ইসলামাবাদ: ফের আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত বালুচিস্তান। বুধবার সকালে একটি স্কুলবাসে ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই গাড়ি। তার জেরে মৃত্যু হল অন্তত ছ’জনের। মৃতদের মধ্যে চারজন শিশু। মারা গিয়েছেন বাসের চালক ও তাঁর সহযোগীও। গুরুতর আহত অন্তত ৩৮ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় ভারতের ‘হাত’ রয়েছে বলে দাবি পাকিস্তান সেনার। তবে তার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা। ভারত অবশ্য সেই দাবি নস্যাৎ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘বিশ্বকে বোকা বানানোর চেষ্টা ব্যর্থ হবে।’
জানা গিয়েছে, এদিন সকালে পড়ুয়াদের নিয়ে আর্মিস্কুলের দিকে যাচ্ছিল বাসটি। খুজদার জেলার জিরো পয়েন্ট এলাকায় কয়েকটি শিশুর জন্য অপেক্ষা করছিল সেটি। আচমকা আইইডি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বাসটিকে ধাক্কা মারে। সেই সময় বাসে ৪৬ জন পড়ুয়া ছিল। বিস্ফোরণের পর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও সেনাকর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোয়েটায় সাংবাদিক বৈঠকে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি ঘটনার নিন্দা করে জানিয়েছেন, গুরুতর আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে খুজদা থেকে কোয়েটা ও করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনও গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেননি।
যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালোচ বিদ্রোহী গোষ্ঠী এর নেপথ্যে থাকতে পারে। খুজদার এলাকার ডেপুটি কমিশনার ইয়াসির জানিয়েছেন, ঘটনার পর অকুস্থলে যান তদন্তকারীরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।