


কোয়েট্টা: বালোচ বিদ্রোহীদের দাপটে বিধ্বস্ত পাকিস্তান। বালুচিস্তানে ফের বিদ্রোহীদের নিশানায় পাকিস্তানের সেনাবাহিনী। ফিরে এল জাফর এক্সপ্রেস হামলার ভয়াবহ স্মৃতি। রবিবার কোয়েট্টায় সেনার ট্রেনে আত্মঘাতী হামলা। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৪ জন সেনার। আহত প্রায় ১০০। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি।
সূত্রের খবর, ইদের আগে কোয়েট্টা থেকে পেশোয়ারগামী ওই ট্রেনে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন পাক সেনা কর্মীরা। চমক ফাটক স্টেশনের পৌঁছানোর আগে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ট্রেনটিকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিস্ফোরণের জেরে ট্রেনের ইঞ্জিন ও তিনটি কামরা লাইচ্যুত হয়। উলটে যায় আরও দু’টি কামরা। আশেপাশের একাধিক বাড়ি ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্তলে পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘এই ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে পাকিস্তানের মানুষকে ভয় দেখানো যাবে না। এই কঠিন পরিস্থিতিতে গোটা দেশ বালুচিস্তানের মানুষের পাশে আছে।’
প্রসঙ্গত, পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে বালুচিস্তানের মানুষ। পাক সেনার অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি। বিদ্রোহীদের খতম করতে একের পর এক রক্তক্ষয়ী অভিযান চালিয়েছে পাক সেনা। পালটা জবাবও দিয়েছে বিএলএ।