Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে শুভেন্দুর সই, বাংলা জুড়ল আয়ুষ্মানে, জনকল্যাণ শিবির ১৫-১৭ জুন, কেন্দ্রীয় প্রকল্প এক ছাতার নীচে

দিল্লিতে শুভেন্দু অধিকারীর সইয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল বাংলা। ১৫-১৭ জুন জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি সুবিধা পৌঁছাবে। বিস্তারিত পড়ুন।

দিল্লিতে শুভেন্দুর সই, বাংলা জুড়ল আয়ুষ্মানে, জনকল্যাণ শিবির ১৫-১৭ জুন, কেন্দ্রীয় প্রকল্প এক ছাতার নীচে
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় অবশেষে যুক্ত হল পশ্চিমবঙ্গ। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই রাজ্যের নতুন বিজেপি সরকার আরও একটি নির্বাচনি সংকল্প পূরণ করল। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হল মউ স্বাক্ষর। এবার থেকে দেশের প্রায় ৪২ হাজার সরকারি-বেসরকারি হাসপাতালে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে বাংলার ১ কোটি ৪৩ লক্ষ পরিবার। চলতি বছরে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা দেবে কেন্দ্র। শুধু আয়ুষ্মান নয়, বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্যবাসীর নাম নথিভুক্তি এখন শুভেন্দু অধিকারী সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যে তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’-এর ধাঁচেই নতুন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী ১৫ থেকে ১৭ জুন আয়োজন করা হবে জনকল্যাণ শিবির। মুখ্যসচিবের জারি করা গত ৬ জুনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ এলাকায় প্রতি সাতটি গ্রাম পঞ্চায়েত এবং পুর এলাকায় প্রতিটি ১০টি ওয়ার্ডের জন্য একটি করে শিবিরের আয়োজন করা হবে। কলকাতার মতো বড়ো পুরসভাগুলির ক্ষেত্রে প্রতিটি বোরো এলাকা ধরে চলবে শিবির। শুধু কেন্দ্রীয় নয়, রাজ্যের প্রকল্পগুলিতেও নাম নথিভুক্তি হবে সেখানে। সব মিলিয়ে তিন দিনে রাজ্যে অন্তত ২৩০০টির কাছাকাছি জনকল্যাণ শিবির হতে চলেছে।

Advertisement

তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন ২ কোটি ৪ লক্ষ পরিবার। সেই সংখ্যা কমলেও রাজ্যের আশা কর্মীদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হয়েছে। ভিন রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারাও পাবেন এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। বারবার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এদিন নাড্ডা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লি এসেছেন। তাঁর হাল দেখেছেন! যাঁরা শুধুই হবে না হবে বলে নেতিবাচক রাজনীতি করে, তাঁদের এমনই হাল হয়।’ এদিন বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন কেন্দ্র ও রা঩জ্যের স্বাস্থ্যসচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব ও নারায়ণস্বরূপ নিগম, রাজ্যে মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এই অনুষ্ঠানের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু।
রাজ্যে পালাবদলের পর শুধু আয়ুষ্মান ভারত নয়, চালু হচ্ছে ১২৫ দিনের কাজ, আবাস, প্রধানমন্ত্রী সড়ক, পিএম মুদ্রা, বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম সহ বন্ধ থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প। সূত্রের খবর, পিএম বিশ্বকর্মা যোজনায় আসা প্রায় সাড়ে সাত লক্ষ আবেদন দীর্ঘ তিন বছর ধরে পড়ে রয়েছে রাজ্যের ঘরে। যা এবার কেন্দ্রের কাছে পাঠানো হবে। তবে তার আগে যাচাই প্রক্রিয়া চালাতে হচ্ছে। জনকল্যাণ শিবিরে সেই সুবিধা থাকছে। অন্নপূর্ণা যোজনা, কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্পে নাম নথিভুক্তি, তথ্য যাচাই, পরিষেবা প্রদান এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে জনকল্যাণ শিবিরে। এছাড়া ‘দুয়ারে সরকার’-এ থাকা বেশ কিছু স্কিম থাকছে এবারও। এই কর্মসূচির জন্য একটি শক্তিশালী আইটি পোর্টাল তৈরি করা হচ্ছে। শীঘ্রই জারি করা হবে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। গঠন হয়েছে বিভিন্ন স্তরের কমিটি ও টাস্ক ফোর্স।

সম্পর্কিত সংবাদ