নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার পরপর তিনটি হাইভোল্টেজ বৈঠক হবে নবান্নে। মন্ত্রিসভার বৈঠকে দপ্তর বণ্টনের পরেই চালু হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান অনুষ্ঠান। আর দুপুর ২টো থেকে তিন জেলার পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সই কাণ্ডের রেশ ধরে সোমবার ঋতব্রতকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে বুধবারের বৈঠকে তাঁর যোগদানের ঘোষণায় রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার, বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বুধবারের পর্যালোচনা বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন। দুপুর ২টো থেকে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার সাংসদ, বিধায়কদের পাশাপাশি পদস্থ কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন শুভেন্দু। হাওড়া জেলার বন্যা সমস্যা বৈঠকে অবহিত করবেন ওই এলাকার বিধায়করা।
আজ বুধবার চালু হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেড় হাজার টাকার বদলে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে নবান্ন সভাঘরে এই প্রকল্পের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজের হাতে মোট ৪০ জনের হাতে সুবিধার শংসাপত্র তুলে দেবেন। নবান্ন সভাঘরে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই রাজ্যের প্রতিটি ব্লক, পুরসভা এবং কলকাতা পুর এলাকায় অন্নপূর্ণা যোজনার ১০০ জন করে উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। রাজ্যজুড়ে একযোগে এই কর্মসূচি পালনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম দফায় কমবেশি ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় আবেদনের ক্ষেত্রে শুরুতেই কিছু সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। বিভিন্ন ভাষার ফর্মে আবেদন করার সুবিধা পাওয়ার কথা। কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে শুধুমাত্র বাংলা, ইংরেজি, হিন্দি—মাত্র এই তিনটি ভাষায় ফর্মটি ডাউন লোড করা যাচ্ছে। কিন্তু তারপর আর এগোনো যাচ্ছে না।
এদিন নবান্নে এই অনুষ্ঠানের আগে বসবে মন্ত্রিসভার বৈঠক। সোমবার শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীদের এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ৩৫ জনের দপ্তর বণ্টন হবে। জানা যাবে মন্ত্রী হিসেবে কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন। ফলে সকল মন্ত্রীর উপস্থিতিতেই অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান শুরু করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তারকেশ্বর মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তারকেশ্বর মন্দির নিয়েও বুধবারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ জুন নিয়োগ নীতি প্রকাশ করবে রাজ্য। সেক্ষেত্রে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে এই নীতি
সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্তও রাজ্য সরকার নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরপর তিনটি বৈঠক থাকায় ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে নবান্নে।