Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু শুক্লা

১৮ দিন মহাশূন্যে কাটিয়ে মঙ্গলবারই পৃথিবীতে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। এখন তাঁকে রাখা হয়েছে হিউস্টনের কোয়ারেন্টাইনে।

স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু শুক্লা
  • ১৭ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

লখনউ: ১৮ দিন মহাশূন্যে কাটিয়ে মঙ্গলবারই পৃথিবীতে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। এখন তাঁকে রাখা হয়েছে হিউস্টনের কোয়ারেন্টাইনে। ছ’বছরের ছেলে কিয়াশকে সঙ্গে নিয়ে গত ২৫ জুন থেকে হিউস্টনে রয়েছেন স্ত্রী কামনা। বুধবার শুভাংশুর সঙ্গে দেখা হয় স্ত্রী-পুত্রের। এতদিন পরে তাঁদের দেখে জড়িয়ে ধরেন আপ্লুত শুভাংশু। স্বামীর জন্য কী পরিকল্পনা রয়েছে কামনার? হিউস্টন থেকে সংবাদ সংস্থাকে কামনা জানান, শুভাংশু নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। এখন আমাদের প্রাথমিক কাজ হল ওর রিহ্যাবে নজর দেওয়া। পৃথিবীর জীবনের সঙ্গে যাতে ও দ্রুত মানিয়ে নিতে পারে সেটাই এখন দেখা দরকার। এরকম একটা জার্নির পর ওর সঙ্গে একসঙ্গে সময় কাটানোটাই আমাদের কাছে বড় উৎসব। তাই বলে কামনার কোনও পরিকল্পনা নেই এমনটাও নয়। জানালেন, আমি ওর কয়েকটা পছন্দের খাবার তৈরির পরিকল্পনা করে ফেলেছি। আমি জানি মহাকাশে থাকার সময় ঘরের রান্না করা ওই খাবারগুলি ও কতটা মিস করেছে। কামনা জানান, মহাকাশযান ডকিংয়ের পর মহাশূন্য থেকে শুভাংশু ফোন করেছিল। অপ্রত্যাশিত ওই ফোনকল ছিল একটা বড় সারপ্রাইজ। ওর আওয়াজ শোনা আর ও নিরাপদে রয়েছে এটা জানা আমার কাছে অনেক বড় বিষয়। স্বামীর এই যাত্রাপথে সহযোগিতার ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন স্ত্রী কামনা। বলেছেন, সমগ্র দেশ যখন ওর এই অসাধারণ সাফল্য উদযাপন করছে, তখন কিছু কিছু টুকরো স্মৃতি, আনন্দের মুহূর্ত, হাসি-কান্না, নিজেদের মধ্যে ভাগ করে নেওয়াটাই ছিল আমাদের উৎসব। 

Advertisement

মহাকাশ থেকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন শুভাংশু। সেই ঘটনায় এখন গর্বিত ও আনন্দিত স্ত্রী কামনা। তাঁর কথায়, লাজুক প্রকৃতির ছেলে থেকে ও এখন প্রাণবন্ত ও আকষর্ণীয় ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। এখন ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।

সম্পর্কিত সংবাদ