নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাবর্ষের প্রথম দিন হইহুল্লোড় করেই ক্লাসে ফিরল পড়ুয়ারা। শুক্রবার থেকেই শুরু হয়েছে নতুন বছরের ক্লাস। এদিন হাজিরা ছিল বেশ আশাব্যঞ্জক। তবে ঠান্ডার জন্য নিচু ক্লাসের পড়ুয়ারা একটু কম এসেছে। এদিন বুক ডে’ও ছিল। ছাত্রছাত্রীদের হাতে সরকারি বই এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়। বহু স্কুল চকোলেট, ফুল, কলম দিয়েও বরণ করে নেয় ছাত্রছাত্রীদের।
বই নিয়ে সার্বিক অসন্তোষ না-থাকলেও এক্সারসাইজ বুক অনেক স্কুলেই প্রয়োজনের তুলনায় কম এসেছে। তবে, দশম শ্রেণির বাংলা বই সাহিত্য সঞ্চয়ন নিয়ে একটি অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাতে দেখা গিয়েছে, দশম শ্রেণির ৫৫-৭০ পাতা পর্যন্ত নবম শ্রেণির বইয়ের অধ্যায় ছাপা হয়ে গিয়েছে। শিক্ষকদের ধারণা, নবম এবং দশম শ্রেণির বই দুটির নামই সাহিত্য সঞ্চয়ন হওয়ায় বাছাই এবং বাধাইয়ের সময় ভুলটি হয়েছে। বহু স্কুলে ছাত্রছাত্রীরাই ভুলটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়।
এই বিষয়টি স্কুলগুলির তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তাদের আশা, কিছুদিনের মধ্যেই সংশোধিত বই পাওয়া সম্ভব হবে। এবছর নতুন বই একেবারে সরাসরি স্কুলগুলির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল পর্ষদ। আগে, সার্কেল অফিসের উদ্যোগে তা বিলি হত। এবার পদ্ধতিগত পরিবর্তন আসায় বই না-পাওয়া নিয়ে অভিযোগের সংখ্যা অনেক কম বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। তবে, যেসব জায়গায় পড়ুয়ার তুলনায় বই কম পৌঁছেছে, সেখানে দ্রুতই বাকি বই পৌঁছে যাবে বলে আধিকারিকদের তরফে আশ্বাস মিলেছে।