নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই নির্বাচন অবিলম্বে করাতে বিজেপি পরিচালিত সরকার ও শিক্ষাদপ্তর উদ্যোগ নিক। এমনটাই দাবি রাজ্যের প্রধান বিরোধী দলের। এ ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিতে চলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে বলব, ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সংগঠিত করার উদ্যোগ নেওয়া হোক। কারণ, ছাত্র আন্দোলন রাজনীতির সাপ্লাই লাইন। সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকা ফ্যাসিবাদের চরম রূপ।’ প্রসঙ্গত, গত ন’বছরে একাধিকবার ছাত্র ভোটের দাবি উঠেছে। খোদ তৃণমূল ছাত্র পরিষদ একাধিকবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার কেন ছাত্র সংসদ নির্বাচন করায়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সময় অনেকে মনে করেছিলেন, তখন ছাত্র সংসদ নির্বাচন হলে তৃণমূলের ছাত্র শাখার মধ্যেই গোলমালের আশঙ্কা ছিল। ছাত্র ভোটকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন রক্তাক্ত হলে সরকারের উপরেই দায় চাপত। তাই ছাত্র ভোট করানোর দাবি উঠলেও পূর্বতন সরকার এ বিষয়ে উদ্যোগী হয়নি। পালাবদলের পর নতুন সরকারের আমলে কবে ছাত্র ভোট হয়, সেটাই এখন দেখার।



