নিজস্ব প্রতিনিধি, ২৮ মে: আসানসোলের একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক ঘটনা। সামার ক্যাম্পে এসে সাঁতার প্রশিক্ষণ চলাকালীন জলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। যা ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় প্রশিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। বেসরকারি স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টর বলেন, ‘সামার ক্যাম্পে সুইমিং করতে গিয়েছিল ছাত্রটি। সে সময় গভীর জলে তলিয়ে যায়।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যু পড়ুয়ার নাম অদ্বিক হিলারিয়ান (১১)। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছিল সে। এখন গরমের ছুটি পড়ে গিয়েছে। তার মধ্যেই স্কুলে সামার ক্যাম্পের আয়োজন করে কর্তৃপক্ষ। তাতে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণির পড়ুয়া। আজ সকালে স্কুলের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ চলছিল। উপস্থিত ছিলেন প্রশিক্ষক। তার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জলের মধ্যে তলিয়ে যায় অদ্বিক। উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর এগারোর ওই কিশোরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সামার ক্যাম্পে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন অভিভাবকরা। প্রশিক্ষক উপস্থিত থাকাকালীন কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।