দেরাদুন: কথা না শোনায় ছাত্রকে চড় মেরেছিলেন শিক্ষক। বদলা নিতে শিক্ষকের উপরেই গুলি চালাল ওই পড়ুয়া। বুধবার হাড়হিম করা এই ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের উধম সিং নগরে। গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষক গগনদীপ সিং কোহলিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে গলায় আটকে থাকা গুলি বের করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি বিপন্মুক্ত।
জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে সমর্থ বাজোয়া নামে ওই নাবালক পড়ুয়াকে চড় মেরেছিলেন গগনদীপ। বুধবার ক্লাস শেষে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই পিছন থেকে গুলি চালায় সমর্থ। হামলার পরেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে অন্যান্য শিক্ষকরা তাকে ধরে পুলিসের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে হামলায় ব্যবহৃত পিস্তলটিও। সূত্রের খবর, টিফিন বক্সে লুকিয়ে পিস্তলটি নিয়ে এসেছিল সমর্থ। কিন্তু কীভাবে পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিস।