


চণ্ডীগড়: হাওড়া ব্রিজ থেকে কেরল, অন্ধ্রপ্রদেশ থেকে পুরী... ভ্লগার জ্যোতি মালহোত্রা ঘুরে বেড়িয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। লক্ষ্য? সংবেদনশীল ছবি তোলা। সেগুলি টাকার বিনিময়ে সে পৌঁছে দিত পাকিস্তানে। এই অভিযোগে গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। তাঁর বিরুদ্ধে ২ হাজার ৫০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে। সূত্রের খবর, জ্যোতির বিরুদ্ধে জোরালো প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই যে জ্যোতি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিল, হাতেনাতে তার প্রমাণ মিলেছে।
পুলিস জানিয়েছে, গত বছর এপ্রিল মাসে পাকিস্তানে গিয়েছিল জ্যোতি। দেশে ফেরে মে মাসের ১৫ তারিখে। এর ২৬ দিন পরেই অর্থাৎ ১০ জুন চীন ভ্রমণে গিয়েছিল জ্যোতি। জুলাই পর্যন্ত সেখানে কাটানোর পর সে গিয়েছিল নেপালে। সূত্রের খবর, পাকিস্তান সফরের সময় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছিল জ্যোতি। তাঁর সাক্ষাৎকারও নেয় সে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান হাইকমিশনের কর্মী দানিশের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। পাশাপাশি আরও কয়েকজন এজেন্টের সঙ্গেও কথা বলত সে। যদিও হরিয়ানা পুলিসের এক কর্তা জানিয়েছেন, জ্যোতির কাছে সেনার কোনও গোপন নথি বা সরকারি তথ্য ছিল না। সে যে ছবিগুলি তুলত, সেগুলিই পাঠাত পাকিস্তানে। তার চরবৃত্তি সম্পর্কে শক্তপোক্ত প্রমাণ হাতে পেয়েছে পুলিস।