ভোপাল: প্রেমে ছ্যাঁকা খেয়ে সকাল থেকে চুপটি করে বসেছিল রমেশ। দুঃখে চায়ের সঙ্গে একটার বদলে দু’টি সিঙাড়া নিয়েছে। ততক্ষণে চায়ের দোকানে আড্ডা জমে উঠেছে। আর তাকে নিয়ে একের পর এক রসিকতা করে চলেছে বন্ধুরা। একসময় আর নিজেকে সামলাতে পারেনি। মুখ দিয়ে গালি বেরিয়ে যায়। অমনি চেপে ধরে বন্ধুরা। দাবি একটাই- তাড়াতাড়ি ৫০০ টাকা বের কর। অসহায়ের মতো সকাল সকাল ৫০০ টাকা দিতেও হল রমেশকে। ওই যে দোকানের দেওয়ালে পোস্টারে স্পষ্ট লেখা — গালিগালাজ করলেই ৫০০ টাকা জরিমানা। আর টাকা দিতে না পারলে এক ঘণ্টা সাফাইয়ের কাজ করতে হবে। না শুধু দোকান নয়। বাড়ি, ক্লাব, রাস্তার মোড়। গোটা গ্রামজুড়ে এমনই একাধিক পোস্টার রয়েছে। জায়গাটা মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বোরসর গ্রাম। এখানে মুখ ফসকে গালি দিলেই গুনতে হবে জরিমানা। উপপ্রধান বিনোদ সিন্ধের কথায় ‘আগে গাঁয়ে প্রায় সবসময় গালিগালাজ করত লোকজন। এনিয়ে ঝামেলাও বেধে যেত। অন্যের মা-বোনকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলায় গ্রামের পরিবেশও নষ্ট হচ্ছিল। বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও ছোটো ছোটো ছেলেমেয়েরা গালাগালি করতে শুরু করে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আলোচনায় বসেন মুরুব্বিরা। তারপর সবার মতামত নিয়ে এই নিয়ম তৈরি করা হয়েছে। গোটা গ্রামে পোস্টার সাঁটানো হয়েছে। এখন সবাই খুব সতর্ক থাকেন।’



