Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘা-মন্দারমণি নিয়ে কড়া প্রশাসন, হোটেলে বেশি ভাড়া নয়, অবৈধ নির্মাণে গ্রেফতার

বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দীঘায় লক্ষ লক্ষ পর্যটক সমাগম হবে। এই সুযোগে হোটেল ভাড়া বাড়িয়ে দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দীঘা-মন্দারমণি নিয়ে কড়া প্রশাসন, হোটেলে বেশি ভাড়া নয়, অবৈধ নির্মাণে গ্রেফতার
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দীঘায় লক্ষ লক্ষ পর্যটক সমাগম হবে। এই সুযোগে হোটেল ভাড়া বাড়িয়ে দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের(ডিএসডিএ) অফিসে বড়দিন ও নিউইয়ার নিয়ে প্রশাসনিক ও পুলিশি প্রস্তুতি উপলক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ডিএসডিএর প্রধান তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পূর্ণেন্দু মাজী ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া, জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল, পুলিশ সুপার মিতুনকুমার দে, দীঘা জগন্নাথ মন্দির কমিটির সিইও বৈভব চৌধুরী ছাড়াও সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন। হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। কোনও অবস্থায় ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে এদিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

Advertisement

বৈঠকে বলা হয়েছে, দীঘা কিংবা মন্দারমণিতে কোনওরকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। এধরনের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। সম্প্রতি মন্দারমণিতে পরপর বেশ কয়েকটি বেআইনি নির্মাণ বন্ধ করেছে প্রশাসন। বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাট্টাজমি দালাল চক্রের মাধ্যমে হাতবদল করে সেখানে কলকাতা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা হোটেল তৈরি করছেন। এরকম ১২জনের পাট্টা বাতিলের সুপারিশ করা হয়েছে। গত ৭ডিসেম্বর রামনগর-২ ব্লক ভূমি অফিসার শান্তনু দাস মন্দারমণিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে এফআইআর করেন। তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে।
আগামী ২৩ডিসেম্বর থেকেই আলোর রোশনাইয়ে সেজে ওঠবে দীঘা। এলইডি আলো লাগানো হবে। থাকবে ফ্লাড এলইডি লাইট। জগন্নাথ মন্দিরের ভিতরও একইভাবে সাজিয়ে তোলা হবে। এই মুহূর্তে পুরোদমে প্রস্তুতি চলছে। আগামী ৩০ ও ৩১ডিসেম্বর ওল্ড দীঘা বিশ্ববাংলা উদ্যান-১ এ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০তারিখ রাত ১১টা এবং বর্ষশেষের দিন রাত ১২টা ১৫মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওল্ডদীঘা এবং নিউ দীঘার দু’জায়গায় ভাসমান লঞ্চ থেকে গ্রিনবাজি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। ১০জানুয়ারি পর্যন্ত দীঘায় এরকম আলোর রোশনাই থাকবে।
২৫ডিসেম্বর থেকে ১জানুয়ারি পর্যন্ত রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখেই প্রতিটি হোটেলকে সতর্ক করা হয়েছে। সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক রাখতে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে দীঘায় বাড়তি ফোর্স নিয়ে যাওয়া হবে। রাস্তায় যানজট মোকাবিলায় তৎপর থাকবে পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ থাকবে বলে এদিন এসপি জানিয়েছেন। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরায় নজরদারি চালানো হবে। সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। কন্ট্রোলরুম থেকেই সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরায় নজরদারি চলছে।
সাধারণত, পর্যটনের ভরা মরশুমে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। বহু হোটেল নিজেদের ভাড়ার চার্ট প্রকাশ্যে আনে না। ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্যটনের ভরা মরশুমে কোনও অবস্থায় নির্ধারিত ভাড়ার থেকে পর্যটকদের থেকে বেশি টাকা নেওয়া যাবে না বলে এদিন জেলাশাসক সাফ জানিয়েছেন। হোটেল মালিক সংগঠনও তাতে সহমত প্রকাশ করেছে।
দীঘা-শঙ্করপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, বড়দিন থেকে নিউইয়ার পর্যন্ত রেকর্ড ভিড় হবে দীঘায়। তানিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে হোটেলের ভাড়া কোনও অবস্থায় বাড়ানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ