নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবারও বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কমবে। আশা করছে আবহাওয়া দপ্তর। তখন গরম আরও বাড়বে। বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। তার প্রভাবে এরাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। মঙ্গলবার রাতের দিকে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। ভারী বৃষ্টি হয়েছে তার থেকেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সল্টলেকে (৮১.৩ মিমি)। কলকাতা ও দমদমে যথাক্রমে ৩৮ ও ৫৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ ৫০ মিমি। রাজ্যের মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে কোচবিহারে (১৩৯.৪ মিমি)। আলিপুরদুয়ারে ১১০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা (৩২.৩ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম ছিল। রাতের প্রবল বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা (২৩.২ ডিগ্রি) স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি কমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বৃষ্টি বেশি হয়েছে। ১ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সার্বিক স্বাভবিক গড়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছে পূর্ব বর্ধমান (১০৭ শতাংশ)। কালিম্পং ছাড়া কোনও জেলাতেই আপাতত বৃষ্টির ঘাটতি নেই।