সংবাদদাতা, ফালাকাটা: পরিবারের তীরন্দাজির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলিপুরদুয়ার জেলার নাম উজ্জ্বল করল ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের ছাত্রী অবন্তিকা কুজুর। ২০২৫ সালের রাজ্য স্কুল গেমসে দ্বিতীয় হওয়ার পর এবার ৪৭তম স্টেট আর্চারি চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির এই ছাত্রী। তার এই সাফল্যের সুবাদে এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে।
২০২৫ সালের ২২ ও ২৩ সেপ্টেম্বর ঝাড়গ্রামে আয়োজিত রাজ্য স্কুল গেমসে অনূর্ধ্ব-১৭ মেয়েদের তীরন্দাজি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিল অবন্তিকা। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম স্টেট আর্চারি চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল সে। একই প্রতিযোগিতায় রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া অপ্সরা হাজারি ও রাঘব মাঝিও অংশগ্রহণ করে।
অবন্তিকার সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবারের দীর্ঘদিনের তীরন্দাজি সম্পর্ক। গতবছর ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য স্কুল গেমসে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল তার দাদা অরূপ কুজুর। অরূপও রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের প্রাক্তন ছাত্র। বর্তমানে তীরন্দাজি প্রশিক্ষণের জন্য ঝাড়গ্রামের একটি অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। তাদের বাড়ি কাদম্বিনী চা বাগান এলাকায়।
অবন্তিকার বাবা দিলীপ কুজুরও একসময় রাজ্যস্তরে তীরন্দাজিতে অংশ নিয়েছিলেন। তবে আর্থিক প্রতিকূলতার কারণে তাঁকে খেলা ছেড়ে রুজির সংস্থানের পথে যেতে হয়। এবার ছেলেমেয়েদের সাফল্যের মধ্য দিয়ে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান তিনি। বিদ্যালয়ের ক্রীড়া ও শারীরশিক্ষার শিক্ষক সুনীত টোপ্পো বলেন, অবন্তিকার সাফল্য আমাদের বড় প্রাপ্তি। প্রতিকূল আর্থিক অবস্থার মধ্যেও সে হার মানেনি।
শিক্ষিকা কৃষ্ণা বর্মন বলেন, সদিচ্ছা থাকলে প্রতিকূল পরিবেশেও সাফল্য অর্জন করা সম্ভব। অবন্তিকা তা বারবার প্রমাণ করেছে। আশা করছি, আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে সে।