Bartaman Logo
৯ জুন, ২০২৬

কর্মীরা শ্রম সংক্রান্ত পরিষেবা পাচ্ছেন? জানতে রাজ্যভিত্তিক নজরদারির সিদ্ধান্ত, নয়ডা কাণ্ডের পর আচমকা বোধোদয় মোদি সরকারের! উঠছে প্রশ্ন

নয়ডায় লাগাতার শ্রমিক বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই মুখ পুড়েছে কেন্দ্রের মোদি সরকারের। শ্রমিক অশান্তির ক্ষতে প্রলেপ দিতে তাই বিলম্বে বোধোদয় হচ্ছে শ্রমমন্ত্রকের।

কর্মীরা শ্রম সংক্রান্ত পরিষেবা পাচ্ছেন? জানতে রাজ্যভিত্তিক নজরদারির সিদ্ধান্ত,  নয়ডা কাণ্ডের পর আচমকা বোধোদয় মোদি সরকারের! উঠছে প্রশ্ন
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়ডায় লাগাতার শ্রমিক বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই মুখ পুড়েছে কেন্দ্রের মোদি সরকারের। শ্রমিক অশান্তির ক্ষতে প্রলেপ দিতে তাই বিলম্বে বোধোদয় হচ্ছে শ্রমমন্ত্রকের। দেশব্যাপী বিভিন্ন কলকারখানায় নিযুক্ত শ্রমিক কর্মচারীরা আদৌ শ্রম সংক্রান্ত পরিষেবা পাচ্ছেন কি? মরিয়া হয়ে আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে মন্ত্রক। ওয়াকিবহাল মহলের ধারণা, এর পিছনে কাজ করছে আতঙ্ক। কারণ কেন্দ্রের আশঙ্কা, কর্মচারীরা যদি অন্যত্রও শ্রম সংক্রান্ত পরিষেবা ঠিকমতো না পান, তাহলে বিক্ষোভের আগুন জ্বলতে পারে অন্যত্রও। বারবার এমন ঘটনা ঘটলে বিজেপি সরকারকে আরও কোণঠাসা হতে হবে। ফলে আগেভাগেই উত্তর খুঁজে সেইমতো পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র। সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে শ্রমমন্ত্রককে। 

Advertisement

জানা যাচ্ছে, কেন্দ্রের ই-শ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিক কর্মচারীদের তালিকা ধরে ধরে রাজ্যভিত্তিক নজরদারি চালানোর পথে হাঁটছে সংশ্লিষ্ট মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এব্যাপারে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘সারপ্রাইজ চেকিং’ করতে চাইছে শ্রমমন্ত্রক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের শ্রমদপ্তরের আধিকারিকদের সঙ্গে যৌথভাবে তা করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রককে। সরকারি সূত্রে খবর, এসংক্রান্ত বিষয়ে শীঘ্রই জরুরি নির্দেশিকা জারি হতে চলেছে। 
বুধবার বিকাল পর্যন্ত ই-শ্রম পোর্টালে নথিভুক্ত মোট শ্রমিক কর্মচারীর সংখ্যা ৩১ কোটি ৬১ লক্ষ ৩৮ হাজার ১৮২ জন। মন্ত্রক সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ই-শ্রম পোর্টাল সাধারণত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের নাম নথিভুক্তির প্ল্যাটফর্ম। বিভিন্ন রাজ্যের কলকারখানায় যেসব শ্রমিক এই মুহূর্তে কর্মরত আছেন, তাঁরা স্বাভাবিকভাবেই অসংগঠিত ক্ষেত্রের কর্মীর তালিকায় পড়বেন না। কিন্তু ই-শ্রম পোর্টাল যেহেতু দেশের কোটি কোটি শ্রমিক কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত একটি তথ্যভাণ্ডার, তাই এর মাধ্যমে সার্বিকভাবে বিভিন্ন রাজ্যের এসংক্রান্ত পরিস্থিতির একটি হদিশ পাওয়া সম্ভব হবে। সেইমতো পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। বাকি কাজ সংশ্লিষ্ট রাজ্যগুলির শ্রমদপ্তরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে করা হবে।
মন্ত্রক সূত্রের এহেন ব্যাখ্যায় আরও একটি বিষয় স্পষ্ট। বিভিন্ন রাজ্যের কলকারখানায় মূলত কতজন চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী কাজ করেন, তার সঠিক হিসাব কেন্দ্রের কাছেও নেই! এই মুহূর্তে ই-শ্রম পোর্টালে সবথেকে বেশি নাম নথিভুক্তি হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকেই। ৮ কোটি ৪৪ লক্ষ ৫ হাজার ৩৪৭। প্রসঙ্গত, এই যোগীরাজ্যেই বিগত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের আগুন জ্বলছে। নাম নথিভুক্তির নিরিখে দ্বিতীয় স্থানেও রয়েছে আরও এক বিজেপি শাসিত রাজ্য বিহার। এই রাজ্যে ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করিয়েছেন ৩ কোটি ২৩ লক্ষেরও বেশি শ্রমিক কর্মচারী।

সম্পর্কিত সংবাদ