সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। পাশে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। দিন কয়েক আগে কালীমন্দিরের পাশে থাকা কালীবাড়ি ঘাট, কালীনগর কালীবাড়ি ঘাট এবং চেঙ্গাইলের ল্যাডলো ঘাট সৌন্দর্যায়নের জন্য রাজ্যে পুর ও নগরোয়ন্ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতা প্রত্যুষ মণ্ডল। আর সেইমত আর্কিটেকচারের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার উলুবেড়িয়া কালীবাড়ি পরিদর্শনে আসেন। তাঁরা কালীবাড়ির পাশাপাশি কালীবাড়ির পাশ দিয়ে প্রবাহিত গঙ্গার ঘাট এবং মন্দির সংলগ্ন মাঠ ও বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এদিন প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কালীবাড়ি কমিটির সদস্য এবং জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কালীবাড়ির প্রবেশদ্বার, রাসমঞ্চ, মন্দিরের পাশে থাকা মাঠ এবং নদী ঘাট সাজিয়ে তোলা হবে। পাশাপাশি কালীনগর কালীবাড়ি ঘাট ও ল্যাডলো ঘাটও সাজিয়ে তোলা হবে।



