Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোর আন্তর্জাতিক বিপণন চায় রাজ্য, নজরে বিদেশি পর্যটক

দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে বিপণনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই ব্যাপারে শীঘ্রই উদ্যোগ শুরু হবে।

দুর্গাপুজোর আন্তর্জাতিক বিপণন  চায় রাজ্য, নজরে বিদেশি পর্যটক
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে বিপণনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই ব্যাপারে শীঘ্রই উদ্যোগ শুরু হবে। বুধবার পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, আমরা দুর্গাপুজোকে গ্লোবাল ফেস্টিভ্যাল হিসেবে তুলে ধরতে চাই। বহু বাঙালি ব্রাজিল বা ফ্রান্সের একাধিক উৎসব সম্পর্কে অবগত। আমরা একইভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রচার চাই বিশ্বজুড়ে। আরো বেশি বিদেশি পর্যটক আকর্ষণই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে প্রবাসী ভারতীয়দেরও অন্তর্ভুক্ত করা হবে। গোটা প্রক্রিয়াটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পর্যটনমন্ত্রী আলোচনা করবেন বলে জানান। পুজো কার্নিভ্যাল হবে কি না, তা নিয়েও তাঁদের মধ্যে কথা হবে। 

Advertisement

এদিন পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেন শংকরবাবু। তিনি বলেন, আগামী পাঁচবছরের জন্য একটি রোড ম্যাপ তৈরি হচ্ছে। তার মধ্যে থাকছে একাধিক বিষয়। উল্লেখযোগ্য হল—পর্যটনের সঙ্গে যুক্ত সব পক্ষকে নিয়ে একটি তথ্যভাণ্ডার গড়া হবে। নথিভুক্ত সংস্থাগুলিকে প্রচারের আলোয় আনবে সরকার। সমাজের নীচু থেকে উঁচু স্তর পর্যন্ত সব পক্ষকে কীভাবে পর্যটনের আওতায় আনা যায়, তার রূপরেখা তৈরি হবে। আন্তর্জাতিক পর্যটক টানতে পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে তুলে ধরা হবে বাংলাকে। গুরুত্ব পাবে বাংলার ব্র্যান্ডিং। পিপিপি মডেলে পর্যটন ব্যবসাকে তুলে ধরার ব্লু প্রিন্ট তৈরি হবে। ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে খুশি ও আশাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান দেবজিৎ দত্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ