Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

পুজোর আগেই রাজ্যে চার শ্রম কোড আইন কার্যকর, জানালেন শ্রমমন্ত্রী অর্জুন

আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রের চার শ্রম কোড সংক্রান্ত খসড়া বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্যের বিজেপি সরকার।

পুজোর আগেই রাজ্যে চার শ্রম কোড আইন কার্যকর, জানালেন শ্রমমন্ত্রী অর্জুন
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রের চার শ্রম কোড সংক্রান্ত খসড়া বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্যের বিজেপি সরকার। সেইমতো দিল্লিতে রাজ্যের শ্রমদপ্তরের বাছাই করা আধিকারিক ও সচিবদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে শ্রমমন্ত্রক। সেখানে হাজির হয়েছেন শ্রমদপ্তরের ২৫ জন আধিকারিক। গত বৃহস্পতি এবং শুক্র—দু’দিন দিল্লিতে এসংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। রাজ্যে ফিরে দপ্তরের অন্য কর্মী-আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন তাঁরা। সরকারের শীর্ষ সূত্রে খবর, রাজ্যে শ্রম কোড সংক্রান্ত আইন কার্যকরের বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে বিজেপি সরকার। সেই আবহেই দিল্লিতে পশ্চিমবঙ্গের শ্রমসচিব ও আধিকারিকদের এমন প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে শুক্রবার শ্রমমন্ত্রী অর্জুন সিং ‘বর্তমান’কে জানিয়েছেন,  ‘পুজোর আগেই রাজ্যে চার শ্রম কোড আইন কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা এব্যাপারে উদ্যোগ নিয়েছি। সেই কারণেই আধিকারিকদের দিল্লিতে ট্রেনিংয়ে পাঠিয়েছি। আইন চালু হতে খুব বেশি সময় লাগবে না। মমতার সরকার রাজ্যের উন্নয়ন আটকে দিয়েছে। আমরা সেই ভুল করব না।’ 

Advertisement

গত বছর নভেম্বর মাসে সারা দেশে চার শ্রম কোড আইন  কার্যকর করেছে মোদি সরকার। নিয়মমতো প্রতিটি রাজ্যে এই আইন চালুর জন্য সংশ্লিষ্ট সরকারগুলিকেও আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অধিকাংশ রাজ্যই এব্যাপারে মোদি সরকারের সঙ্গে সহযোগিতা করলেও শ্রম কোড আইন নিয়ে প্রথম থেকেই কেন্দ্রের সঙ্গে বিরোধে জড়িয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। পালাবদলের পর রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এব্যাপারে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই পদক্ষেপের অঙ্গ হিসাবে দিল্লিতে শ্রমমন্ত্রকের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন রাজ্যের আধিকারিকরা। উল্লেখ্য, শ্রম কোড আইন চালু হলে রাজ্যের শ্রমিক-কর্মচারীরা মজুরি, সামাজিক সুরক্ষা, পেশাগত নিরাপত্তা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস সংক্রান্ত নিয়মকানুনের আওতায় চলে আসবেন। প্রত্যেক শ্রমিক-কর্মচারীকে বাধ্যতামূলকভাবেই লিখিতভাবে নিয়োগপত্র দিতে হবে সংস্থাগুলিকে। বিশেষত রাজ্যের ‘গিগ’ এবং ‘প্ল্যাটফর্ম’ কর্মীরা সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় আসবেন। জানা গিয়েছে, চার শ্রম কোড সংক্রান্ত খসড়া বিধি প্রকাশের পর সর্বস্তরের মতামত নেওয়ার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যকে। তারপর চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চার শ্রম কোড আইন নিয়ে কেন্দ্রীয়স্তরে তৎপরতা আগে থেকে চললেও এই প্রথম মন্ত্রকের প্রশিক্ষণে অংশ নিলেন রাজ্যের আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ