তিলপাড়া ব্যারাজ পরিদর্শনে গেলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। আজ, মঙ্গলবার দুপুরে জেলাশাসক বিধান রায় সহ ময়ূরাক্ষী ক্যানাল ডিভিশনের সুপারিন্টেনডেন্ট সমরকুমার সরকারকে সঙ্গে নিয়ে ব্যারাজের বর্তমান অবস্থা সহ জরুরি পুনর্বাসনের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী। এদিন মানসবাবু বলেন, ২০১৯ সালে ব্যারাজে ফাটল দেখা গিয়েছিল। সেই সময় থেকেই ব্যারাজ সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যদিও কেন্দ্রের সহযোগিতা মেলেনি। পরে ২০২৪ সালে রাজ্য উদ্যোগ নেয়। তাঁর বক্তব্য, বর্তমানে আবহাওয়ার উপর সমস্ত কিছু নির্ভর করছে। বিশেষজ্ঞের পরামর্শ মেনে ব্যারাজের সংস্কারে যুদ্ধকালীন কাজ চলছে। বর্ষার মরসুম শেষে পূর্ণাঙ্গ রূপে সংস্কারের কাজ হবে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, রাজ্যের সমস্ত ব্রিজ ও ব্যারাজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অতিদ্রুত সেই কাজ শুরু করা হবে।



