Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদী ভাঙন রোধে রাজ্য ১০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে, মন্তব্য মমতার,

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই রজ্যেজুড়ে হাই ভোল্টেজ প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নদী ভাঙন রোধে রাজ্য ১০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে, মন্তব্য মমতার,
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: লোকসভা নির্বাচনের দামামা বাজতেই রজ্যেজুড়ে হাই ভোল্টেজ প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে সামশেরগঞ্জের কৃষকবাজার মাঠে এক বিশাল জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সেইসঙ্গে রাজ্যের নদী ভাঙন রোধে ১০০ কোটির প্রকল্প হাতে নেওয়ার কথাও বলেন মমতা।  এদিন সামশেরগঞ্জের প্রার্থী নুর আলম ও ফরাক্কার প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে আয়োজিত এই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী  সাফ বলেন, মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নই তাঁর সরকারের পাখির চোখ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে নবগঠিত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে জেলার অগ্রগতির কথা স্মরণ করান তিনি। পাশাপাশি ফরাক্কায় আইটিআই কলেজের কথাও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, দিদির বক্তব্য শুনতে কয়েক হাজার মানুষ এসেছিলেন। মানুষের এই ঢলই বলে দিচ্ছে আগামী দিনে কী হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার।

Advertisement

পানীয় জল ও পরিকাঠামো উন্নয়নে এদিন গুচ্ছ বরাদ্দের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী বলেন, সামশেরগঞ্জে ৫০ কোটি টাকা ব্যয়ে ১৯ টি পানীয় জল প্রকল্প হয়েছে। এছাড়া ফরাক্কায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৮টি পানীয় জল প্রকল্প গড়ে উঠেছে। কর্মতীর্থ, কৃষক বাজার ও পথচারীদের সুবিধার্থে পথের সাথী প্রকল্পের কথা বলেন তিনি। ফরাক্কা ও সামশেরগঞ্জে দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন রোধে এদিন বড় ঘোষণা করেন নেত্রী। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানান, রাজ্য নিজের তহবিল থেকে ১০০ কোটি টাকা ব্যয় করে ভাঙন রোধের কাজ করছে। এবার নদী বান্ধব প্রকল্পের কথা ভাবছে সরকার। এছাড়াও জেলার বিশাল সংখ্যক বিড়ি শ্রমিকের কথা মাথায় রেখে তাঁদের সামাজিক সুরক্ষা ও পাকা বাড়ির ব্যবস্থারও আশ্বাস দেন দলনেত্রী। ফরাক্কার প্রার্থী আমিরুল ইসলাম বলেন, দিদি আমাকে ফরাক্কায় যে কাজের জন্য পাঠিয়েছেন তা আমি সফল করে দেখাব।
এদিন আক্রমণের সুর চড়িয়ে তৃণমূল নেত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তিনি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তাঁর কথায়, ভোট এলেই বিজেপি নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের বেলায় তাঁদের দেখা মেলে না। এদিন সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী নুর আলম বলেন, সাধারণ মানুষের প্রচুর সমর্থন পাচ্ছি। আমরা দিদির সৈনিক, উনি যা নির্দেশ দেবেন তা মেনে চলব।

সম্পর্কিত সংবাদ