Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভাগুলিতে ফের প্রশাসক নিয়োগ, জারি রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

পুরভোটের অনিশ্চয়তা কাটেনি এখনও। তার মাঝেই রাজ্যের চারটি পুরসভায় ফের প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার।  পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি পুর এলাকার দায়িত্ব সংশ্লিষ্ট মহকুমাশাসকদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

পুরসভাগুলিতে ফের প্রশাসক নিয়োগ, জারি রাজ্য সরকারের বিজ্ঞপ্তি
  • ১৯ মে, ২০২৬ ১৪:৩৪
Prefer us on Google

কলকাতা, ১৯মে: পুরভোটের অনিশ্চয়তা কাটেনি এখনও। তার মাঝেই রাজ্যের চারটি পুরসভায় ফের প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার।  পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি পুর এলাকার দায়িত্ব সংশ্লিষ্ট মহকুমাশাসকদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

Advertisement

নবান্ন সূত্রের খবর, নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া অবধি এই প্রশাসকরাই সংশ্লিষ্ট পুরসভাগুলির সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন। পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩–এর ১৪ নম্বর ধারার উপধারা (৪) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কার্শিয়াং পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন কার্শিয়াংয়ের মহকুমাশাসক। একইভাবে মিরিক নোটিফায়েড এরিয়া অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে মিরিকের এসডিওকে। কালিম্পং পুরসভার প্রশাসক হচ্ছেন কালিম্পংয়ের মহকুমাশাসক এবং বুনিয়াদপুর পুরসভার দায়িত্বে থাকবেন গঙ্গারামপুরের মহকুমাশাসক।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই একাধিক পুরসভায় নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। বিরোধীদের অভিযোগ, পুরভোট এড়াতেই প্রশাসনিক ব্যবস্থাকে দীর্ঘায়িত করছে রাজ্য। যদিও রাজ্য সরকারের দাবি, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই নির্দেশিকা জারি হওয়ার পর রাজনৈতিক মহলে নতুন করে পুরভোট নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষত পাহাড় এবং উত্তরবঙ্গের পুর এলাকাগুলিতে প্রশাসনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করেছে বিভিন্ন মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ