Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, ছাত্রের তুলনায় ২০ হাজার বেশি ছাত্রী

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে।

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, ছাত্রের তুলনায় ২০ হাজার বেশি ছাত্রী
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পরীক্ষার ২৪ ঘণ্টা আগে বুধবার সবরকম প্রস্তুতি সেরে নেয় স্কুলগুলি। এবার উত্তরবঙ্গে মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৪১ হাজার ৩০২। এর মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ছাত্রী সংখ্যা ৮০ হাজার ৩৫৪ জন এবং ছাত্রের সংখ্যা ৬০ হাজার ৯৪৮ জন। জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক পরীক্ষার্থী রয়েছে মালদহ জেলায়। সেখানে মোট ৩৬ হাজার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। দার্জিলিং জেলায় সমতল এলাকায় মোট ১১ হাজার ২৪১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৬৮ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৭৩ জন। অন্যদিকে, দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫৫৯ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। শিলিগুড়ি শিক্ষা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার রাম ছেত্রী বলেন, শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Advertisement


এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাসে চতুর্থ সেমেস্টার পরীক্ষা হবে বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত। পুরনো সিলেবাসের পরীক্ষা হবে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ বছর জলপাইগুড়িতে প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষায় বসতে চলেছে। এর মধ্যে ছাত্র প্রায় সাত হাজার। ছাত্রী প্রায় ন’হাজার। ভেনু রয়েছে ৭১টি। মেইন ভেনু ১৭টি। রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়িতেও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে। স্কুলের গেটে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য থাকবে পর্যাপ্ত পুলিশি নজরদারি। জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করছে বনদপ্তর, জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জলপাইগুড়ির জয়েন্ট কনভেনর ভৈরব বর্মন। কোচবিহার জেলায় এবার পরীক্ষার্থী প্রায় ২৩ হাজার। নতুন সিলেবাসের চতুর্থ সেমেস্টারের ২০ হাজার ৬৫৭ জন ও সাপ্লিমেন্টারি দেবে ১ হাজার ৬ জন। পুরনো সিলেবাসের পরীক্ষা দেবে ১ হাজার ৭ জন। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারে তারজন্য থাকছে বিশেষ নজরদারি। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে সোয়া ২টো পর্যন্ত। জেলায় মেইন ভেনু ২৪টি ও সাব ভেনু ৯৪টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলার যুগ্ম আহ্বায়ক মানস ভট্টাচার্য বলেন, পরীক্ষার জন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ১০ হাজার ৯০৬ জন। এরমধ্যে ছাত্র ৪ হাজার ৭৪৫ জন, ছাত্রী ৬ হাজার ১৬১ জন। জেলায় মোট ৫৭টি ভেনুতে পরীক্ষা গ্রহণ করা হবে। • জলপাইগুড়ির একটি স্কুলে সিট নম্বর বসাচ্ছেন শিক্ষকরা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ