


রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথ্য ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। লক্ষ্য একটাই। তামিলনাড়ু ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা। ব্রিটেনে থাকাকালীন একাধিক অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন স্ট্যালিন। বেশিকছু জায়গায় তামিল ভাষায় বক্তব্য রাখবেন তিনি। জাতীয় শিক্ষানীতিতে হিন্দির আধিপত্য নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তামিলনাড়ু সরকার। কেন্দ্রকে জবাব দিতে পাল্টা রাজ্য শিক্ষানীতি প্রকাশ করেছে প্রশাসন। এই আবহে স্ট্যালিনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
২ ও ৩ সেপ্টেম্বর ব্রিটেনে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমকে প্রধান। ব্রিটেনে পৌঁছে এক্স হ্যান্ডলে স্ট্যালিন লেখেন, ‘ব্রিটেনে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনা পেলাম। এই আবেগ দেশের কথা মনে করিয়ে দেয়।’ দ্রাবিড়ীয় আন্দোলনের শতবর্ষ উপলক্ষ্যে দু’দিনব্যাপী বিশেষ কনফারেন্সের আয়োজন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্মেলনের বিষয়, ‘দ্য সেল্ফ রেসপেক্ট মুভমেন্ট অ্যান্ড ইটস লেগাসিস’। আজ, অর্থাৎ ৪ সেপ্টেম্বর আলোচনায় উপস্থিত থাকবেন স্ট্যালিন। সেখানে বিশিষ্ট তামিল সমাজ সংস্কারক ই ভি রামাস্বামীর পোর্ট্রেট উন্মোচন করবেন। পরে সেন্ট অ্যান্টনিস কলেজে তামিল ভাষায় বক্তব্য পেশ করবেন। ‘হিন্দি আধিপত্যবাদ’-এর আবহে স্ট্যালিনের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬ সেপ্টেম্বর লন্ডনের হোটেলে ‘মাপেরুম তামিল কানাভু’ নামক অনুষ্ঠান করতে চলেছে নন রেসিডেন্ট তামিল ওয়েলফেয়ার বোর্ড। তামিলনাড়ুর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন। এখানেই প্রবাসী তামিলদের সঙ্গে দেখা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবিষয়ে ওয়ার্ল্ড তামিল অর্গানাইজেশনের (ইউকে) ভাইস চেয়ারম্যান ডঃ প্রভু রাজেন্দ্রন বলেন, ‘৬ সেপ্টেম্বর হোটেল পেনিনসুলায় মাপেরুম তামিল কানাভু অনুষ্ঠান হবে। এখানে প্রবাসী তামিলদের সঙ্গে কথা বলার অন্যতম মঞ্চ হয়ে উঠবে এই আয়োজন। তামিলনাড়ুর সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রত্যক্ষ করার সুযোগ পাবেন মানুষ। তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ার্ল্ড তামিল অর্গানাইজেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের এই সফরের সাফল্য কামনা করছি। আমার দৃঢ় বিশ্বাস, এর মাধ্যমে বিশ্বমঞ্চে তামিলনাড়ুর নাম আরও উজ্জ্বল হবে। শিল্পক্ষেত্রে উন্নতি হবে।’
২০২১ সাল থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন স্ট্যালিন। ইতিমধ্যে রাজ্যের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছেন ডিএমকে প্রধান। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন ইন্ডিয়া মহাজোটের এই শরিক নেতা। এবার ব্রিটেনে বসবাসকারী তামিলদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে তৎপর স্ট্যালিন।