নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু। বিহারের বৈশালীর বাসিন্দা সে। মঙ্গলবার ভোররাতে সেখান থেকে তাকে পাকড়াও করেন গুন্ডাদমন শাখার অফিসাররা। এদিনই তাঁকে বৈশালীর আদালতে তোলা হয় ট্রানজিট রিমান্ডের জন্য। আজ, বুধবার অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হবে। লালবাজার জানিয়েছে, লক্ষ্মণ শার্প শ্যুটার। বিহারের তার একাধিক অপরাধের মামলা রয়েছে। সুশান্তকে হত্যার ছকে ছোটু ও যুবরাজকে শামিল করিয়েছিল গুলজার। ছোটুই লাল রঙের স্কুটারটি চালাচ্ছিল। পিছনে ছিল যুবরাজ। খুনের চেষ্টা ব্যর্থ হতেই চম্পট দেয় ছোটু। বন্ডেল গেটের একটি গলিতে স্কুটারটি রেখে বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে পালিয়ে যায় সে। ফোন লোকেশন ও গোপন সোর্সকে কাজে লাগিয়ে ছোটুকে জালে তোলেন গোয়েন্দারা।



