Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংশোধনাগারের বন্দি পালানোর রিপোর্ট গেল রাজ্য কারা দপ্তরে 

সংশোধনাগারের বন্দি পালানোর রিপোর্ট গেল রাজ্য কারা দপ্তরে 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পাঞ্জিপাড়ায় পুলিসকে গুলি করে বন্দি পলায়ন কাণ্ডে কার্যত প্রশ্নের মুখে রায়গঞ্জ জেলা সংশোধনাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা। সূত্র অনুযায়ী, এনিয়ে সংশোধনাগারের তিন জন বন্দি পালাল। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। চুপ করে বসে নেই রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষও। ইতিমধ্যে জেলা সংশোধনাগার থেকে একটি প্রাথমিক কনফিডেন্সিয়াল রিপোর্টও সংগ্রহ করেছে রাজ্যের সংশোধনাগার কর্তৃপক্ষ। গত আগস্টে প্রেমচাঁদ বর্মন নামে এক বন্দি পালায়। সে রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে ছিল। আবার ওই মুক্ত সংশোধনাগার থেকেই সেপ্টেম্বরে শাহজামাল মিয়াঁ নামে আরও একজন বন্দি পালিয়ে যায়। তারপর গত বুধবার জেলা সংশোধনাগারের বন্দি সাজ্জাক আলম ইসলামপুর আদালত থেকে ফেরার পথে পুলিসকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পরই রীতিমতো অস্বস্তি বেড়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের। কারণ সাজ্জাক ও তার সহবন্দি আব্দুল হোসেন ওরফে আবাল সংশোধনাগারে বসে পালানোর ছক করেছিল। ইসলামপুর আদালত চত্বরে সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল ওই আব্দুল। 
Advertisement
তাই একদিকে যেমন পুলিস ওই বন্দির খোঁজে নেমেছে, তেমনই সংশোধনাগার কর্তৃপক্ষও বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। ইতিমধ্যে অ্যাডিশনাল আইজি (কারা) সুদীপ্ত চক্রবর্তী ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি (কারা) শুভেন্দুকৃষ্ণ ঘোষ রায়গঞ্জ সংশোধনাগার পরিদর্শন করেছেন। তাঁরা পরিদর্শন করে একটি কনফিডেন্সিয়াল রিপোর্টও রাজ্যের সংশোধনাগার কর্তাদের কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, নিরাপত্তার জন্য জেলা সংশোধনাগারের ১৮ জন বিচারাধীন বন্দির ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে শুনানি পর্ব করা হয়। শুক্রবারও একই পন্থায় জেলের ৩০ জন বিচারাধীন বন্দির শুনানি পর্ব চলে বলে জানা গিয়েছে। সংশোধনাগার সূত্রে খবর, গত এক বছর ধরে সংশোধনাগারে বন্দিদের মানসিক চাপ কাটাতে কাউন্সেলিং চলছে। তারপরও কয়েক দফায় তিন বন্দি পালিয়ে গেল। এনিয়ে অস্বস্তি বেড়েছে জেল কর্তৃপক্ষের।
সম্পর্কিত সংবাদ