নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। পাশাপাশি উৎকর্ষ বাংলার মাধ্যমে হাতের কাজের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগও নিয়েছেন তিনি। সোমবার মধ্যমগ্রাম পুরসভার ব্যানার্জিপাড়ায় পৃথক দুটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ। এর জন্য সাংসদ তহবিল থেকে খরচ হবে ১ কোটি ২০ লক্ষ টাকা। এই দুই কেন্দ্র থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।
Advertisement
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা প্রমুখ। সাংসদ বলেন, আইএএস, আইপিএস বা ডব্লুবিসিএসের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি বাড়িতে বই পড়ে হয় না। এর জন্য জরুরি সঠিক প্রশিক্ষণ। অনেক ক্ষেত্রে মেধা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অস্বচ্ছলতা। তাই মুখ্যমন্ত্রীর ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, উৎকর্ষ বাংলার হাতের কাজের প্রশিক্ষণ কেন্দ্রও থাকবে এখানে। উল্লেখ্য, প্রশাসক হওয়ার সাধ থাকলেও অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল এবং যথাযথ প্রশিক্ষণ কেন্দ্র না থাকার জন্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের পরিবারের ছাত্রছাত্রীদের সাধ্য থাকে না সেজন্য পরীক্ষা দেওয়ার। রাজ্যের পড়ুয়াদের দক্ষ প্রশাসক হয়ে ওঠার সুবিধার জন্য সল্টলেকে সুরেন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত থেকে সল্টলেকের দূরত্ব অনেকটাই। তাই মধ্যমগ্রামেই দক্ষ প্রশাসক তৈরি করতে এবার এগিয়ে এলেন তৃণমূলের চিকিৎসক সাংসদ।



