Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

এসএসসির চাকরি বাতিল: নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ফের খারিজ, প্রকাশ করতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি’র ৭২৯৩ দাগির তালিকা

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

এসএসসির চাকরি বাতিল: নির্দেশ  পুনর্বিবেচনার আর্জি ফের খারিজ, প্রকাশ করতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি’র ৭২৯৩ দাগির তালিকা
  • ২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ইশ্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাওন আদিত্য নামে এক ব্যক্তি। সোমবার সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এ ব্যাপারে গত ৩ এপ্রিল রায় হয়ে গিয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য-অযোগ্য উভয়েই ছিলেন। তা পৃথক করতে পারেনি রাজ্য বা কমিশন। তাই গোটা প্যানেলই বাদ দেওয়া হয়েছে। তাই তা আর পুনর্বিবেচনার জায়গায় নেই। 

Advertisement

এদিকে, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ৭,২৯৩ জন দাগির তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাইই নয়, দাগিদের রোল নম্বর, প্রাপ্ত নম্বর, বাবার নাম, ঠিকানাও প্রকাশ করতে সোমবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবারের মধ্যে এসএসসি-কে এই তালিকা প্রকাশ করতে বলেছে আদালত।
ইতিমধ্যে ৩,৫১২ জন দাগির তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও আদালত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি-র নিয়োগপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। আবেদনকারীদের দাবি, তাঁদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বদলে তাঁদের নাম অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। বুধবার গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদনপত্র জমা করার শেষ তারিখ। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে বিচারপতি সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান আবেদনকারীর আইনজীবী। এদিন সেই আবেদন গ্রহণ করে আদালত জানিয়েছে এই মামলার নিষ্পত্তির উপরেই নির্ভর করবে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া। মামলাকারীদের একাংশের অভিযোগ, এসএসসি দাগি হিসেবে ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করলেও সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে দাগির সংখ্যা ৭,২৯৩। বুধবার গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষদিন। সেই বিষয়ে আদালত আদালত হস্তক্ষেপ করেনি। 
অন্যদিকে, এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকা চেয়েছে হাইকোর্ট। বিচারপতি সিনহা জানিয়েছেন, পরবর্তী শুনানির দিন তালিকা দিতে হবে। ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। আদালতের নির্দেশে এবছর ফের নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে এসএসসি। গত ৩ নভেম্বর থেকে গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর, বুধবার পর্যন্ত তা চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ