Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরশুনায় মামাকে ছুরি মারার অভিযোগে ধৃত ভাগ্নি-জামাই

সরশুনায় মামাকে ছুরি মারার অভিযোগে ধৃত ভাগ্নি-জামাই
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক বিবাদের জেরে মামাকে ছুরি মারার অভিযোগে গ্রেপ্তার ভাগ্নি-জামাই ও তার এক সঙ্গী। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার সরশুনা থানা এলাকায়। ধৃতরা হল সঞ্জয় চৌধুরী (৪৮) এবং বরুণ পাল (৪৭)। আক্রান্তের নাম প্রদীপ পাল। কলকাতা পুলিসের ডিসি (সাউথ-ওয়েস্ট) রাহুল দে এই খবর জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পেশায় চা দোকানি মামার সঙ্গে সব্জি বিক্রেতা ভাগ্নি-জামাইয়ের একপ্রস্থ ঝামেলা হয়। তখনকার মতো বিষয়টি মিটে যায়। কিন্তু বিকেলে ফের তাদের মধ্যে গণ্ডগোল হয়। 
Advertisement
অভিযোগ, সেই সময়ে প্রদীপ পালের দু’হাত জাপটে ধরে, পিছন থেকে পরপর দু’বার ছুরি মারা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রদীপবাবু। তাঁকে উদ্ধার করে এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রদীপবাবুর ছ’টি সেলাই পড়েছে। তদন্তে নেমে সরশুনা থানার পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
সম্পর্কিত সংবাদ