


সংবাদদাতা, কাঁথি: বলরামদেবের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ, শনিবার দীঘা জগন্নাথ মন্দিরে থাকছে বিশেষ আচার-অনুষ্ঠান। ইতিমধ্যে বলরাম জয়ন্তী পালনের জন্য দিল্লি ইসকন থেকে ২২জন সন্ন্যাসী মন্দিরে এসেছেন। তাঁরাই বলরাম জয়ন্তীর আচার-অনুষ্ঠান পরিচালনা করবেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখীবন্ধন এবং বলরাম জয়ন্তী একইদিনে পালিত হয়। আজ ভোরে ভগবানের নিদ্রাভঙ্গের পরই শুরু হবে আচার-অনুষ্ঠান। সকালে বিশেষ আরতির মাধ্যমে থাকছে ভোগের ব্যবস্থা। এরপর বলরামদেবকে অভিষেক করানো হবে। জল, মধু, দুধ প্রভৃতি দিয়ে অভিষিক্ত হবেন বলরামদেব। পাশাপাশি চলবে শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণ। খোল-করতালের শব্দে ভরে উঠবে মন্দির প্রাঙ্গণ। নতুন পোশাকে সেজে উঠবেন বলরাম। দুপুরে ছাপান্ন ভোগেও থাকছে বিশেষ পদ। বলরামদেবের জন্মদিনে দেওয়া হবে ক্ষীরের পায়েস। সঙ্গে থাকছে পাকা তালের বড়া এবং নানারকম মিষ্টি। বিকেল থেকে চলবে নাম-গান। তারই মাঝে আজ শেষদিনের ঝুলন উৎসব পালন হবে মন্দিরে। এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সপ্তাহখানেক আগে থেকেই মন্দিরে শুরু হয়েছে ঝুলন উৎসব। রোজ সন্ধ্যা হলেই ঝুলন উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠান দেখতে কাতারে কাতারে মানুষ মন্দিরে ভিড় জমাচ্ছেন। এমনিতেই শনি ও রবিবারের ছুটিতে অতিরিক্ত ভিড় লেগেই থাকে দীঘায়। বলরাম জয়ন্তী ও ঝুলন উৎসবের শেষদিনে শনিবার দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠবে বলেই মনে করছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, বলরাম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠান চলবে। ঝুলনযাত্রার শেষদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।