Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুমরাহকে আগলে রাখার পরামর্শ দিলেন সৌরভ

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের শেষদিনে চোট পাওয়ায় বল করতে পারেননি যশপ্রীত বুমরাহ।

বুমরাহকে আগলে রাখার পরামর্শ দিলেন সৌরভ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের শেষদিনে চোট পাওয়ায় বল করতে পারেননি যশপ্রীত বুমরাহ। তারপর দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেও তাঁকে নিয়ে দুরুদুরু আশঙ্কা থাকছে। তিনি যে পাঁচটি টেস্টের প্রতিটিতে খেলবেন না, এটা অবশ্য আগেই ধরে নেওয়া হয়েছে। এই আবহে বুমরাহকে কীভাবে ব্যবহার করলে বেশি উপকৃত হবে টিম ইন্ডিয়া, সেই টিপসই দিলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন অধিনায়কের কথায়, ‘বুমরাহ হল আমাদের সেরা অস্ত্র। কিন্তু সারাক্ষণই ওকে বল করালে চলবে না। শুভমান গিলের উচিত, উইকেট নেওয়ার জন্যই বুদ্ধি করে বুমরাহকে ব্যবহার করা। দিনে ১২-১৩ ওভারের বেশি করানোর দরকার নেই। তাই অন্য বোলারদেরও দায়িত্ব নিতে হবে। বুমরাহকে সুরক্ষা দিতে পারলে আমাদের সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে।’ উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টে মোট ১৫১.২ ওভার বল করেছিলেন ‘বুমবুম’। ১৩.০৬ গড়ে নেন ৩২ উইকেট। কিন্তু ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতেছিল সিরিজ।

Advertisement

বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকার অনুপস্থিতিতেও সৌরভ অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে আশাবাদী। তাঁর কথায়, ‘২০২১ সালে অস্ট্রেলিয়ায় তো বিরাট-রোহিতকে ছাড়াই মেলবোর্ন টেস্ট জিতেছিল ভারত। ব্রিসবেনে টেস্টে জয়ী দলে অবশ্য রোহিতও ছিল। আসলে ওদের না থাকা বাকিদের কাছে নিজেকে চেনানোর সুযোগ।’ ক্যাপ্টেন গিলকে নিয়ে সৌরভের মূল্যায়ন, ‘টেস্টে ব্যাটসম্যান হিসেবে আরও উন্নতি করতে হবে ওকে। তবে গিলের বয়স কম। দ্রুত শিখবে। নায়ক হয়ে ওঠার মঞ্চ ওর সামনে। ভারত যদি বড় রান তোলে এবং বুমরাহকে পরিকল্পনামাফিক ব্যবহার করা যায়, তাহলে আমরা সিরিজ জিততেই পারি।’
ভারতীয় স্কোয়াডে শ্রেয়স আয়ারের অনুপস্থিতি নিয়ে অবশ্য ক্ষুব্ধ তিনি। সৌরভের মতে, ‘বছরখানেক ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে। চাপের মুখে রান করছে, দায়িত্বও নিচ্ছে। শর্টপিচ ডেলিভারিও দারুণ সামলাচ্ছে। টেস্ট ক্রিকেট যতই আলাদা হোক, এই সিরিজে রাখা দরকার ছিল শ্রেয়সকে।’ ঋষভ পন্থের জন্যও থাকছে পরামর্শ, ‘সব ডেলিভারিতে ব্যাট চালিও না। প্রতি বলে শট নেওয়ার কোনও দরকার নেই। ওর ডিফেন্স ভালো। এই কন্ডিশনে সেটাই দরকার। আমি দেখতে চাই, ও ক্রিজে পড়ে থেকে লড়াই করছে। যতই স্ট্রোক প্লেয়ার হোক, পরিস্থিতি অনুযায়ী খেলা জরুরি।’

সম্পর্কিত সংবাদ